ঢাকা অফিস।।
অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, আমরা তো মনে হয় নাটক দেখছি। নাটক দেখে হাততালি ছাড়া আর তো কিছু দেওয়ার নেই। হয় হাততালি দিতে হবে, না হয় বসে থাকতে হবে।
সোমবার (২৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে আসামির পক্ষে আইনজীবী এস এম আবুল হোসেন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
আদালতে আসামির আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, পাঁচ বছর পেরিয়ে গেলেও দুদক মামলায় চার্জশিট না দেওয়ায় বিচার শেষ হচ্ছে না। আমার মক্কেল কেরানি ছিলেন। এতে তার অপরাধ কী, সেটিও সুনির্দিষ্ট করতে পারেনি দুদক। মামলায় টাকা ও সম্পদের যে বিবরণ এসেছে, সেখানে আমার মক্কেলের নিয়ন্ত্রণে কিছুই ছিল না। এখানে বিশ্বাস ভঙ্গেরও কিছু ছিল না।
তিনি বলেন, এ মামলায় এখনও ১০৪ জন আসামি ধরা-ছোঁয়ার বাইরে। অথচ আমার মক্কেল ২০১৯ সাল থেকে কারাগারে আছেন।
আসামির আইনজীবী আরও বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট উপাদানও নেই। যদি সাক্ষীদের শনাক্ত করা ও জবানবন্দি গ্রহণ (১৬১ ধারায়) কষ্টসাধ্য হয়, তাহলে ছেড়ে দিক। মোহাম্মদ আলীর পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ আছে। তিনি তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন। মোহাম্মদ আলী ছাড়া ১৫ আসামি জামিনে আছেন।
এ সময় বেঞ্চের বিচারপতি বলেন, জজ, আইনজীবী আর যে লাখ লাখ চোখ চেয়ে আছে। কেউ কোনো কাজ করতে পারছেন না। কেন সবাই নীরব? সব ফাঁকা হয়ে যাচ্ছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখব?
আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বলেন, অভিযোগপত্র কেন দেওয়া হচ্ছে না, তা দুদক ব্যাখ্যা করবে।
এরপর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান তার বক্তব্য উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করলে মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর বেসিক ব্যাংকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ৫৬টি মামলা করে দুদক। দীর্ঘদিন ধরে মামলাগুলোর তদন্ত চলছে। আত্মসাতকৃত অর্থ সম্পূর্ণ নগদ উত্তোলন করে টাকার অবস্থান গোপন করায় তদন্তে এত দীর্ঘ সময় লাগছে বলে মনে করছে দুদক।











































