Home আঞ্চলিক এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড

এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড

8

যশোর  অফিস।।
করোনার পর এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্য দিয়ে এই বোর্ডের ফলাফল অতীতের সব রেকর্ড ভেঙেছে।

এ বছর এই বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ পাশের হার ছিল ৯২ দশমিক ৬৪ ভাগ।

সোমবার দুপুরে (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের প্রশ্নপত্র ভালো হয়েছে। আর সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নপত্রে উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনেক বিকল্প (অপশন) ছিল। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে। এছাড়া প্রশ্নব্যাংকসহ যশোর বোর্ডের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে শিক্ষার্থীদের মূল বইয়ের প্রতি নির্ভরতা বেড়েছে। এজন্য তারা ভালো ফলাফল অর্জন করেছে।

ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাশের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন।

তিনি জানান, গত বছর (২০২১) করোনাকালের সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষায় যশোর বোর্ডে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাশের হার ছিল ৯৩ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন। সে অনুযায়ী গতবছরের চেয়ে এবছর যশোর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী। এবার ১৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। আর পাশের হার ২ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।

যশোর বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছরের মতো এবারো যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ৩৮ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৭ হাজার ৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৭০১ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা।

বোর্ডে পাশের হারে বিজ্ঞানের পরেই রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এই বিভাগ থেকে ২২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১ হাজার ৮৩৪ জন। পাশের হার ৯৭ দশমিক ৪৩ ভাগ।

মানবিক বিভাগ থেকে ১ লাখ ৮ হাজার ৭১৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ১ হাজার ৭১২ জন। পাশের হার ৯৩ দশমিক ৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে ছাত্র ৮৬২ ও ছাত্রী ৩ হাজার ৭০৩ জন।