খুলনাঞ্চল রিপোর্ট।।
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, ক্ষমতাভোগী সিন্ডিকেট দেশের অর্থ নানা উপায়ে বিদেশে পাচার করছে। রিজার্ভ ইস্যুতে দেশ আজ আর্থিকভাবে পঙ্গু। সাম্প্রতিক প্রতিবেদনে বিগত ১৬ বছরে বিদেশে যে পরিমাণ অর্থপাচারের কথা বলা হচ্ছে, তা সর্বশেষ দুই অর্থবছরের মোট বাজেটের প্রায় সমপরিমাণ।
রোববার (২৭ নভেম্বর) চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের ৩য় দিন সকালে ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামি আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করিম আকরাম বলেন, প্রত্যেক শিক্ষার্থী তার নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার সংবিধান স্বীকৃত। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য।
এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষাকালীন মূল্যায়নের পাশাপাশি সকল পাবলিক পরীক্ষায় সামষ্টিক মূল্যায়নে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে দাবি জানান।
আগামী ৩ ডিসেম্বর ২০২২ ঐতিহাসিক পল্টন মোড়ে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।











































