বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট কারাগারে মো. সেলিম ফরাজী (৭০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে। তিনি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী এস এম আশরাফুল আলম বলেন, গত ২১ নভেম্বর সেলিম ফরাজী একটি চুরি মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি। এদিন দুপুরে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারণে হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার তরিকুল ইসলাম বলেন, গত ২১ নভেম্বর চুরির মামলার আসামি হাজতি সেলিম ফরাজী কারাগারে আসেন। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই কারাগারে ছিলেন। তার শ্বাসকষ্ট থাকায় কারা চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।











































