খবর বিজ্ঞপ্তি।।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যকে সমানে রেখে আজ শনিবার বিকাল ৩টায়, খুলনা মহানগরীর নয়াবাটী হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠ মাঠে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফুটবল খেলা, ধীর গতিতে সাইকেল চালনা, মারবেলসহ মুখে চামচ নিয়ে দৌড় এবং হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, মেহেরপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, চুয়াডাঙ্গার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, কেসিসি’র ১০নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কেসিসি’র ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, রূপান্তর-এর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমানসহ ইয়্যুথ গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানে সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির প্রতিনিধি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রতিনিধি, এনসিটিএফ ও জিএনবিসহ নারীনেত্রী, জনপ্রতিনিধি, সুধিসমাজের প্রতিনিধিসহ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমাজের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারী ও মেয়েদের প্রতি সহিংসতার বিভিন্ন দিক মোকাবেলায় সরকারি, বেসরকারি উদ্যোগসমূহকে একসাথে কাজ করতে হবে। রূপান্তর-এর পরিচালনায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত “বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প” এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
এদিকে, গতকাল শুক্রবার বিকাল ৩টায়, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর আয়োজিত সাইকেল র্যালি ও প্রচারাভিযান শিববাড়ি মোড় খুলনা থেকে শুরু হয়ে রয়্যাল চত্বর-শহীদ হাদিস পার্ক এবং ডাকবাংলা মোড় হয়ে পুনরায় শিবাবাড়ি মোড়ে এসে সমাপ্ত হয়। র্যালিটি উদ্বোাধন করেন কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন বেগম-কাউন্সিলর। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে উক্ত র্যালিতে খুলনা এনসিটিএফ, জিএনবিসহ এবং ইয়্যুৎ গ্রুপের সদস্যরা অংশগ্রহন করে। নেটওয়ার্কের সদস্যরা শহরের প্রধান প্রধান সড়ক ও জনপদগুলোতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করে।
এ কর্মসূচীতে রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান, ফাইনান্স কোর্ডিনেটর মোঃ কামাল হোসেন, অডিট ম্যানেজার মোঃ আবরারুল ইসলাম, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার ফাতেমা সুলতানা ও ফারহানা ইসলামসহ এনসিটিএফ, জিএনবিসহ এবং ইয়্যুথ গ্রুপের সদস্যরা।
উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ইতিমধ্যে রূপান্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে যা ১০ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।











































