Home আঞ্চলিক যশোরে পৌর কাউন্সিলরের উপর হামলা: প্রতিবাদে সড়ক অবরোধ

যশোরে পৌর কাউন্সিলরের উপর হামলা: প্রতিবাদে সড়ক অবরোধ

14

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হাসান নয়নের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় হামলার পর নয়নের অনুসারীরা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে। তবে, পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। ব্যস্ততম এ মহাসড়কে অবরোধের ফলে চাঁচড়া-মুড়লি সড়কে যানজটের সৃষ্টি হয়।

পৌর কাউন্সিলর শাহেদ হাসান নয়ন জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনির ক্যাডাররা তার বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে যায়। খবর পেয়ে তিনি বাড়ির সামনে পৌছুলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে তিনিসহ তার সাথে থাকা কয়েক যুবক আহত হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে যশোর বাসটার্মিনালের সামনের সড়ক অবরোধ করে।

যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু জানান, আমাদের শ্রমিক মাসুদ ও কাউন্সিলর নয়নকে সন্ত্রাসীরা মারপিট করেছে। এ কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেবো।


যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, দু’পক্ষের আগের বিরোধের জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশের তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।