খুলনাঞ্চল রিপোর্ট।।
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলের নেতা-কর্মীদের হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগের দিন শুক্রবারেই কর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল। কেউ কেউ সমাবেশস্থলে রাত্রিযাপনের প্রস্তুতি নিয়েছেন। এ সময় বিভিন্ন ইউনিটের নেতাদের কর্মীদের খোঁজ খবর নিতে দেখা গেছে।
শনিবার বিএনপির এ সমাবেশে যোগ দিবে ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা মিলিয়ে মোট পাঁচটি ইউনিটের নেতাকর্মীরা।
শনিবার সমাবেশ হলেও এক দিন আগেই অর্থ্যাৎ শুক্রবার নেতাকর্মীদের আগমনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউনহল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কুমিল্লাসহ আশপাশের সব জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে মিলিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিনুর রশীদ ইয়াছিন বলেন, আমরা আগেই বলেছি এটি শুধু বিএনপির সমাবেশ নয়। এটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সমাবেশ। এটি গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ। রাত যত বাড়বে আরো নেতাকর্মী আসবেন। টাউনহল কেন আশপাশের এলাকাতেও আমরা জায়গা দিতে পারবো না। আমাদের সমাবেশ সফল করতে ১০টি উপকমিটি কাজ করছে।
এদিকে দুপুরে সমাবেশস্থলে পৃথক তিনটি জুমার নামাজ আদায় করেন বিএনপির নেতাকর্মীরা। দুটির জামায়েত হয় সমাবেশ স্থলে একটি পাশের ঈদগা মাঠে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় কুমিল্লার একটি রেস্তরাঁয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা খেলা করেন না, রাজনীতি করেন।
সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘সকাল ১০টায় সমাবেশ শুরু হবে। বিকেল ৪টার মধ্যেই শেষ হবে। ইতোমধ্যে নেতা-কর্মীরা এসে গেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ শতাধিক নেতৃবৃন্দ।
রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, টাউনহলের উত্তরপাশে বীরচন্দ্রনগর মিলনায়তন ঠিক সামনেই করা হয়েছে মঞ্চ। দীর্ঘ বছর ধরে টাউনহলের বীরচন্দ্র মিলনায়তনের স্থায়ী মঞ্চ থেকে সভা-সমাবেশে বক্তব্য রাখতেন রাজনৈতিক নেতারা। তবে ঝুকিপূর্ণ মনে করে এবার সেই মঞ্চ ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন। আর এ কারণে বীরচন্দ্র মিলনায়তনের উত্তর-পশ্চিম কোনায় মঞ্চ তৈরী করতে হয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আয়োজন শেষ করাসহ ১০ শর্তে শনিবার কুমিল্লা বিএনপিকে বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে গত মঙ্গলবার এই অনুমতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন।
স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এতে মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে, মিটিং-মিছিল করা যাবে না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বক্তব্য রাখা যাবে না।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বিএনপি তাদের রাজনৈতিক সমাবেশ করবে, তারা করুক। তবে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্য শনিবার নগরীজুড়ে সর্বোচ্চ সংখ্যাক পুলিশ সদস্য কাজ করবে। আমাদের প্রথম ও প্রধান টার্গেট থাকবে সড়কে যেন কোনো সাধারণ মানুষ কষ্ট না পায়।











































