Home আঞ্চলিক অবশেষে বিকল্প রিং বেড়িবাঁধ নির্মাণ

অবশেষে বিকল্প রিং বেড়িবাঁধ নির্মাণ

7

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

অবশেষে পশুর নদীতে বিলীন হওয়া বেড়িবাঁধের পাশ দিয়ে বিকল্প রিং বেড়িবাঁধ নির্মাণ করে পানি ঢোকা বন্ধ করা হয়েছে। রিং বেড়িবাঁধটি টেকসই করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাউবো।

গত মঙ্গলবার রাতে পশুর নদের প্রবল ভাটার টানে দাকোপের খলিশা গ্রামে পাউবোর ২০০ মিটার বেড়িবাঁধসহ ১৫টি বসতঘর বিলীন হয়ে যায়।

ভাঙনের স্থানে পাউবো পরদিন বুধবার সকালে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক নিয়ে কাজ করলেও জোয়ারের তোড়ে তখন রিং বেড়িবাঁধ নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে আবারও ভাটার সময় পানি নেমে যাওয়ায় দিনরাত কাজ করে বৃহস্পতিবার ওই জায়গায় রিং বেড়িবাঁধ দিয়ে পানি ঢোকা বন্ধ করা সম্ভব হয়।

জানা গেছে, নদীতে গৃহহারা ১৫টি পরিবারের প্রায় অর্ধশত লোকজনের মধ্যে কেউ তাঁর নিকটাত্মীয় স্বজনের বাড়িতে কেউবা বেড়িবাঁধের ওপর পলিথিন টানিয়ে মানবেতর দিনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। লোকালয়ে ঢুকে পড়া নদীর পানিতে প্লাবিত হওয়া দুটি গ্রামে ১৯টি কাঁচাঘর ধসে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, দুই দিন ধরে নদীভাঙন স্থানে কাজ করে ভেঙে যাওয়া বাঁধের পাশ দিয়ে রিং বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়েছে। এখন আর লোকালয়ে পানি ঢুকছে না। তবে ওই রিং বেড়িবাঁধটি টেকসই করার জন্য এখনও পাউবোর নেতৃত্বে কার্যক্রম চলামন রয়েছে। নদীর গভীর স্থানে প্রয়োজনীয় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ওই স্থানে বিকল্প বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। গ্রামে কৃষকের আমন ধান কাটা শেষ হলেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।