নিজস্ব সংবাদদাতা বেনাপোল।।
বেনাপোল’র সাদিপুর সীমান্ত দিয়ে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আকবর আলী (৩৫) নামে এক বাংলাদেশীকে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কোন হতাহতের ঘটনা ঘটেনি এ সময়।
পরে সে দেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক আকবার আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলবাড়ি গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত াসড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদীপুর গ্রামের বিজিবি‘র পোতা পোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল জয়ন্তীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, গত ৬ মাস আগে কাজের সন্ধানে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যায় আকবার আলী। বৃহস্পতিবার রাতে দালালদের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে সাথে মাদক নিয়ে দেশে ফেরার সময় ভারতের পেট্রাপোল জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে ধাওয়া করে। ধরতে না পেরে বিএসএফ এ সময় ফাঁকা দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আকবার আলী বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এলে তাকে আটক করে ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপির টহল দলের সদস্যরা।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন ভারত থেকে মাদক পাচারের সময় এক মাদক চোরাচালানীকে আটক করতে দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে চার পোটলা ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ। গুলির আতংকে একজন বাংলাদেশে চলে আসে। অন্যরা ভারত অভ্যন্তরে পালিয়ে যায় বলে তারা জানায়।
আটক আকবার আলীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।











































