Home আঞ্চলিক ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়েই পথচলা: কালীগঞ্জের ৩ ইউনিয়ের সংযোগ স্থলে ফরিয়াদকাঠি...

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়েই পথচলা: কালীগঞ্জের ৩ ইউনিয়ের সংযোগ স্থলে ফরিয়াদকাঠি সেতু

15

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

উত্তরে মালিয়াট, দক্ষিনে বারোবাজার আর পশ্চিমে রায়গ্রাম ইউনিয়ন। ঝিনাইদহের কালীগঞ্জের এ ৩ ইউনিয়নের সংযোগ স্থানে পুটিমারি খালের ওপর ফরিয়াদকাঠি সেতু। যার উপর দিয়েই এ বিস্তর এলাকার লোকজনের চলাচল করা লাগে। কিন্ত সে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। আজ থেকে প্রায় ৩৮ বছর আগে নির্মিত অধিক জনগুরুত্বপূর্ণ সেতুটির উপরের দুই পাশের রেলিংয়ের পলেস্তারোসহ খসে পড়ছে। সেতুর রেলিংয়ের অনেক স্থানের জং ধরা রড বেড়িয়ে আছে। সেতুর নিচের অংশেরও নড়বড়ে অবস্থা। ফলে বর্তমান এর উপর দিয়ে ছোটখাটো যানবাহন চলাচল করলেও কেঁপে উঠছে। ফলে গাড়িতে মালামাল বহনকারী পথচারীরা সেতুটিকে ঝুঁকি পয়েন্ট বলে মনে করছে।

স্থানীয়দের ভাষ্য, কৃষিনির্ভর এ এলাকায় অনেক সেতু এলাকাতে নির্মান হয়েছে। কিন্ত অদৃশ্য কারনে ফরিয়াদকাঠি গ্রামের সেতুর জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও কাজ হয়নি। এখান থেকে কালীগঞ্জ শহরে দ্রুত পৌছানোর ক্ষেত্রে আশপাশে বিকল্প কোন সড়ক নেই। যে কারনে বাধ্য হয়েই একটি বিস্তর এলাকার মানুষকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পথ চলতে হয়। অবস্থা যা, যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

 

গ্রামাঞ্চালের মধ্যে পাশাপাশি ৩ ইউনিয়নের সীমানার এ সেতুটি মঙ্গলপৈতা বাজারের একেবারেই নিকটবর্তী। কালীগঞ্জ -মঙ্গলপৈতা গ্রামীন সড়কের সেতুটির ওপর দিয়েই বিস্তর এলাকার উৎপাদিত কৃষি পন্যসহ অন্যন্য মালামাল এমন ঝুঁকির মধ্যদিয়েই আনা নেওয়া করা হয়। এর আগে এলাকার মানুষ তাদের অনেক দিনের এমন সমস্যা সমাধান এবং সেতুটি পূন নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে সেই ঝুঁকিকে সঙ্গী করেই তাদের চলতে হচ্ছে। আশপাশের মানুষের ভাষ্য, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের এ সেতুটির অবস্থা এখন বেগতিক। যে কোন লোকাল গাড়িতে মালামাল আেনা নেয়ার সময়ে তাদের বাড়তি ভয় লাগে।

পাঁচকাহুনিয়া গ্রামের আমিনুর রহমান জানান, মঙ্গলপৈতা বাজারের সন্নিকটে ১৯৮৫ সালে বারোবাজার মালিয়াট ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত পুটিমারি খালের ওপর এ সেতুটি নির্মিত হয়েছিল। এর উপর দিয়েই এলাকার হাজার হাজার মানুষ কালীগঞ্জ শহর, চাপরাইল,রায়গ্রাম, রঘুনাথপুর বাজার,মোবারকগঞ্জ চিনিকল গেইট ,মঙ্গলপৈতা-ভায়া একতারপুর- রঘুনাথপুর সড়কে যাতায়াত করে থাকে। ফলে সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।

যে সেতুটির রেলিং ভেঙেছে রড় বেরিয়ে গেছে অনেক আগেই। এর ওপর দিয়েই আশপাশের প্রায় ৫০ গ্রামের মানুষের প্রতিদিনের চলাচল। বিস্তর কৃষি প্রধান এলাকার কৃষি পন্য নানা ধরনের পরিবহনযোগে ঝুঁকিপূর্ণভাবে আনা নেওয়া ও চলাচল করছেন। এখনই পূন নির্মান না করা হলে কিছুদিনের মধ্যেই চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়বে। পাশাপাশি যে কোন সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা। তারা অভিযোগ করে বলেন, সেতুটি নির্মানের জন্য তারা কয়েক দফা এলাকার মানুষ সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছেন। ধরনা দিয়েছেন জন প্রতিনিধিদের পিছে। কিন্ত কাজের কাজ হয়নি।

পাশর্^বর্তী ফরিয়াদকাঠি গ্রামের আজিজুল ইসলাম জানান, এ ব্রীজটি আশপাশের ৩ ইউনিয়নের সংযোগস্থলে এবং মঙ্গলপৈতা বাজারের সঙ্গে লাগোয়া। বাজারটি এলাকার মধ্যে একমাত্র বড় বাজার। কয়েক শতাধিক দোকানপটের মালামাল শহর থেকে এ ব্রীজের ওপর দিয়েই যেতে হয়। ফলে সেতুটি নির্মান খুবই প্রয়োজন।

 

পাশর্^বর্তী পারখির্দ্দা গ্রামের বাসিন্দা আমিনুর রহমান রসিকতার ছলে বলেন, ওই সেতুটি থেকে দক্ষিণে পড়লে পড়বে বারোবাজার ইউনিয়নে। উত্তরে পড়লে মালিয়াট ইউনিয়নে আর পশ্চিমে পড়লে পড়বে রায়গ্রাম ইউনিয়নে। এতেই বোঝা যাচ্ছে সেতুটি কেমন স্থানে এবং এর গুরুত্ব কতটুকু। তিনি বলেন, বছর দুয়েক আগে বর্ষার সময়ে সেতুর পাশের মাটি ধসে লোক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে এলাকার লোকজন মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেন।

ফরিয়াদকাঠি গ্রামের ভুট্রো মিয়া জানান, সেতুটি অনেক দিন আগেকার। পায়ে হেঁটে এখনও চলাচল করা যাচ্ছে। কিন্ত এ সেতুর ওপর দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় ভয় হয় কখন জানি ভেঙে যায়। তিনি বলেন, এলাকায় এর পরের নির্মিত অনেক সেতু পুণনির্মান করা হয়েছে। কিন্ত তাদেরটা করা হয়নি। অথচ বার বার বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগে দৌড়াদৌড়ি করে এখন থেমে গেছেন তারা।

 

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিডি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার মঙ্গলপৈতা-রঘুনাথপুর ও মঙ্গলপৈতা -চাপরাইল বাজার গ্রামীন সড়কের উপর মঙ্গলপৈতা বাজার সংলগ্ন পুটিমারি খালের ওপরে অনেক পুরাতন একটি সেতু। কিন্ত পাশিপাশি ৩ ইউনিয়নের লোক চলাচলের দিক বিবেচোনায় এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সেতু। যা নির্মান হওয়া জরুরী বলেই চাহিদাপত্র পাঠানো হয়েছে।