মোংলা প্রতিনিধি।।
মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গত রাত ১২টার দিকে হাড়বাড়ীয়ার তিন নম্বর এ্যাংকোরেজের লাল বয়া এলাকায় চরে ঠেকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। তবে রাতেই ডুবন্ত ওই জাহাজের ১০ ষ্টাফকে উদ্ধার করে আশপাশের কার্গোর লোকজনেরা। তারা সকলেই সুস্থ-স্বাভাবিক রয়েছেন।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৬ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী লাইবেরিয়ান পতাকাবাহী এম,ভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে বুধবার রাতে ৭শ মেট্টিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি মাষ্টার দিদার। এরপর খুলনার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে এলে পথিমধ্যে হাড়বাড়ীয়ার ৩ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অসতর্কতাবশত মুল চ্যানেলের বাহিরে চরে ঠেকে গেলে রাত ১২টার দিকে সেখানে তলা ফেটে ডুবে যায়। ওই সময় কার্গো জাহাজটিতে থাকা ১০জন ষ্টাফকে আশপাশের কার্গোর ষ্টাফেরা উদ্ধার করেন। তারা অপর আরেকটি কার্গো জাহাজে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, কার্গো জাহাজটি হাড়বাড়ীয়ার মুল চ্যানেলের বাহিরে ডুবেছে, এতে বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন-নির্গমন ও পণ্য পরিবহণের নৌযান (কার্গো-কোস্টার) চলাচল স্বাভাবিক ও পুরোপুরি ঝুঁকিমুক্ত রয়েছে। তারপরও দুর্ঘটনাকবলিত স্থানে লাল নিশানা টানানোর পাশাপাশি মালিকপক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনের জন্য চিঠি দেয়া হচ্ছে বলেও জানায় হারবার বিভাগ।











































