যশোর অফিস।।
যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় যশোর জেলা পরিষদের অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এসময় উপস্থিত নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে আহত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘ ৫ বছর পর আগামী ২৪ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে রোববার সন্ধ্যায় বর্ধিত সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। যশোর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিকেল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে মিছিল সহকারে উপস্থিত হন সভাস্থলে। একপর্যায়ে মিলনায়তনে প্রবেশ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
তবে হাতাহাতির কোন ঘটনা ঘটেনি বলে দাবি করে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, এমন কোন ঘটনাই ঘটেনি। অনুষ্ঠানকে কেউ বিতর্কিত করতে এমন অপ্রচার চালাচ্ছে।
ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, এই অনুষ্ঠানের আগে জেলা যুবলীগের বর্ধিত সভার প্যানা টাঙানো নিয়ে মারামারি হয়েছিলো, ছাত্রলীগের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা যশোর কোতোয়ালি মডেল থানার এস আই মনিরুজ্জামান বলেন, তেমন কিছু না। নিউজ করার মতো কোন ঘটনা ঘটেনি। একটু ঠেলাঠেলি হয়েছে; তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছিলো।
এদিকে হাতাহাতির ঘটনার প্রায় ৪০ মিনিট পর বর্ধিত সভায় আসেন প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এসময় তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর যশোরের সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। যশোরের স্টেডিয়াম জনমানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।











































