Home খেলাধুলা দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, কতটা প্রস্তুত কাতার!

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, কতটা প্রস্তুত কাতার!

15

খুলনাঞ্চল ডেস্ক।।

দুয়ারে কড়া নাড়ছে স্বপ্নের বিশ্বকাপ ফুটবল। আর মাত্র ২ দিন পর পুরো বিশ্বকে চমকে দিতে প্রস্তুত আয়োজক দেশ কাতার।

মরুভূমিতে ঘেরা কাতারে এই মুহূর্তে চরম আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অপেক্ষায় কাটছে সবার সময়। বিশ্বের নানা প্রান্তের অতিথিদের স্বাগত জানানোর প্রস্তুতি মরু উপত্যকায় প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের আলোকসজ্জার কাজ। যেন পুরো মরুভূমিকে সাজিয়ে তোলা হচ্ছে রঙিন আলোয়।

এতসব আয়োজন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’নামে খ্যাত ফুটবল বিশ্বকাপকে ঘিরে। সফল এক আয়োজন উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকে চমকে দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

২০ নভেম্বরে আল বায়াত স্টোডিয়ামে পর্দা উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপের। এই প্রথম এমন মহাযজ্ঞের আয়োজন কাতারের। নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের থাকা-খাওয়াসহ দর্শকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার প্রস্তুতিই সেরে রেখেছে কাতার।

ইতোমধ্যে কাতারে এসে পৌঁছেছেন হায়া কার্ডধারী দর্শকরা এবং ফিফা বিশ্বকাপে অংশগ্রহন করা দলগুলো। বিশ্বকাপ ঘিরে এখন উৎসবের নগরী কাতারের রাজধানী দোহা। কাতারের সুউচ্চ ইমারত ও দালানকোঠা, রাস্তাঘাট সেজেছে নতুন সাজে।

দোহা শহরের সৌন্দর্য উপভোগ ও প্রিয় দলের সমর্থন নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, কাতারে এখন সাজ সাজ রব। অধিক আগ্রহে সবাই অপেক্ষায় আছে মাঠে বসে খেলা উপভোগ করার।

বিশ্বকাপের দায়িত্ব পেয়ে সকলকে চমকে দেওয়ার কথা বলেছিল কাতার। সেই লক্ষ্যে কাতার কতটা সফল তার উত্তর অবশ্য সময়ের হাতে। তবে খরচের নিরিখে যে শুধু ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপকে ছাপিয়ে গেছে তা নয়, ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭ বিশ্বকাপের একত্রিত খরচকেও ছাপিয়ে গেছে কাতার।