Home জাতীয় চাঁদা না দেয়ায় রায়েরবাজারে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, ৩ জনকে মারধর

চাঁদা না দেয়ায় রায়েরবাজারে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, ৩ জনকে মারধর

20

ঢাকা অফিস।।
রাজধানীর রায়েরবাজার এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জার্মান প্রবাসী মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে পিটিয়ে এবং ১ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে রায়েরবাজার মেরিস্টোপ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: তিন সহোদর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন (৭০), নাসিম রহমান (৬২) ও সেলিম রহমান (৫৭) এবং কেয়ারটেকার ইউনুস সরদার (৩৫)। তাদেরকে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এরমধ্যে রতন ও সেলিম জার্মানির নাগরিক। সেলিম জার্মানির একটি এলাকার কাউন্সিলর। তিন সপ্তাহ আগে সেলিম দেশে এসেছেন।

আহতরা জানান, তাদের বাসা পশ্চিম থানমন্ডির মধুবাজার এলাকায়। রায়েরবাজার বাড়ৈখালীতে তাদের নিজেদের ৪৪ শতাংশ জমি রয়েছে। সেখানে গরুর খামার তৈরির জন্য জমি ভরাটের কাজ চলছিল। সেই কাজের জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিচ্ছিল স্থানীয় সন্ত্রাসী সানজিদুল হক ইমনের লোকজন। কিন্তু তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। তারা হাজারীবাগ থানায় কয়েক দফা সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

 

তারা আরও জানান, বৃহস্পতিবার তারা তিন ভাই ও কেয়ারটেকার মিলে বাড়ৈখালীতে কাজ শেষ করে হেঁটে মধুবাজারের বাসায় ফিরছিলেন। এ সময় রায়েরবাজার মেরিস্টোপ ক্লিনিকের সামনে প্রায় ২০-২৫ জনের একটি দল তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এ সময় রতনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। বাকিদের মারধর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সেলিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি ৩ জনের শরীরে কিল ঘুষির আঘাত আছে। তাদেরকে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।