ঢাকা অফিস।।
সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিএনপির সঙ্গে বসবে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
গত রোববার জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসভবনে আয়োজিত সভায় “বিএনপি-গণতন্ত্র মঞ্চ” সংলাপের সিদ্ধান্ত হলেও আজ (সোমবার) বিকেলে নিশ্চিত করা হয় বিএনপির মিডিয়া সেল থেকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবিরের পাঠানো একটি বার্তায় জানানো হয় ” চলমান রাজনৈতিক দলগুলো’র সাথে দ্বিতীয় পর্যায়ে সংলাপের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের সাথে বসছে বিএনপি। আগামীকাল বেলা ১১টায় গুলশান বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
এতে গণতন্ত্র মঞ্চের পক্ষে জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব,নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,গণ অধিকার পরিষদের আহবায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেবেন। আর বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।











































