Home আন্তর্জাতিক পুকুরে নেমে চোর বলল, আমার ভুল হয়েছে!

পুকুরে নেমে চোর বলল, আমার ভুল হয়েছে!

22

খুলনাঞ্চল ডেস্ক।।
চুরির অভিযোগে পুলিশের কাছে ধরা পড়ে এক ব্যক্তি। এই নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নেওয়া হচ্ছিল আদালতে। তবে ভ্যান থেকে নামানোর সময় পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এর পর লাফ দেয় পুকুরে। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে কান ধরে মাফ চেয়ে আবার পুলিশ ভ্যানে উঠে পড়ে। আজ শনিবার দুপুরে এমন ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের হাওড়ার উলুবেড়িয়া মহকুমা আদালত চত্বরে উপস্থিত মানুষজন।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় শেখ ফরিদুল নামে এক যুবককে। শনিবার তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভ্যান থেকে নামানোর সময় পুলিশ কর্মীদের হাত ফসকে চম্পট দেয় ফরিদুল। এর পর দিগ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছুটতে ছুটতে আদালতের কাছেই একটি পুকুরে ঝাঁপ দেয় ফরিদুল। তবে শেষরক্ষা হয়নি। পুকুরটি মুহূর্তে ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পেছনে দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছায় পুলিশও।
এমন অবস্থায় পালানো অসম্ভব বুঝে অবশেষে ‘মাফ’ চেয়ে নেয় ফরিদুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, কান ধরে ফরিদুল পুলিশ কর্মীদের বলে, ‘আমার ভুল হয়েছে।’ এর পর পুকুর থেকে উঠে ধীরে ধীরে আবার পুলিশ ভ্যানে উঠে পড়ে সে।

রিপোর্ট, ফরিদুলের বিরুদ্ধে চুরির মামলা ছিল। এর পর পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করার মামলাও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তবে কীভাবে চোর পালিয়ে গেল, তা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।