ঢাকা অফিস।।
কখনও দিনমজুরের ছদ্মবেশে, কখনও ফেরিওয়ালার বেশে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর ঘাঁটিতে হামলা করে গুড়িয়ে দিয়েছেন, একের পর এক চোরাগুপ্তা হামলায় যে গেরিলা যোদ্ধা ভেঙে দিয়েছেন শত্রুর মনোবল তিনি সাদেক হোসেন খোকা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সুসজ্জিত, সুসংগঠিত পাক বাহিনীকে তটস্থ করে তোলা সেই বীরের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কেবল মহান মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা আর বীরত্ব নয় সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধের পর দেশ গড়ার কাজেও জড়িয়েছেন নিজেকে। যুক্ত হয়েছেন রাজনীতিতে।
সাদেক হোসেন জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ১২ মে। তার পৈত্রিক বাড়ি ঢাকার মুন্সীগঞ্জের সৈয়দপুরে। তার পিতা এম এ করিম সেনাসদস্য ছিলেন, পরে ব্যবসা শুরু করেন।
সাদেক হোসেন খোকা পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে থাকা অবস্থায় ১৯৭১ সালের মার্চ মাসে তিনি মনোবিজ্ঞানে অনার্সে তৃতীয় বর্ষের ছাত্র। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন।
সাদেক হোসেন খোকা নিজের লেখা একটি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, পরিবারের কাউকে কিছু না জানিয়ে গোপনে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে গেরিলা যোদ্ধা হিসেবে অংশ নেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি ফুটবল নিয়ে কাজ করেন। তিনি ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক পদে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে পদোন্নতি লাভ করেছিলেন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ২০০৪ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।
তিনি মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে আশির দশকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। বিএনপির ঢাকা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।
২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাদেক হোসেন খোকা। ২০০৪ সালে তিনি মন্ত্রীত্ব ত্যাগ করেন। সাদেক হোসেন খোকা ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালে, সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করে। তিনি সে বছরের ২৯ নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।
ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালে রাজনৈতিক মিথ্যা মামলায় তার নামে সাজা ঘোষণা করা হয়। নিজের একটি বইতে সাদেক হোসেন খোকা এ প্রসঙ্গে বলেন, ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেককে সাজানো মামলার রায় মোকাবেলা করতে হয়েছে।
এমনকি বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকেও নিকট অতীতে সাজানো মামলায় জেলে থাকতে হয়েছে, জেলে গিয়েছি আমিও। জেলকে আমি ভয় পাই না। কিন্তু আমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হচ্ছে মারাত্মক-ব্যাধি ক্যান্সারের কথা। সুস্থ হওয়ার আগে আমি দেশে গিয়ে আত্মসমর্পণ করলে মৃত্যু অবধারিত, কারণ আমার রোগের নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ বাংলাদেশে নেই। জেলখানায় তো পাওয়ার প্রশ্নই ওঠে না।’
দেশে ফিরতে চাওয়ার প্রবল আকুতি নিয়ে তিনি আদালতকে সব কথা জানিয়েছিলেন। কিন্তু জীবদ্দশায় সুযোগ পাননি। তাই একটি লেখায় তার শেষ আক্ষেপ ছিল, ‘জীবদ্দশায় আমার প্রিয় মাতৃভূমিতে কি আর যেতে পারবো না? মাইকেল মধুসূদনের মতো সুদূর থেকে আমাকেও কি এই বলে আক্ষেপ করতে হবে, ‘রেখো মা দাসেরে মনে …।’
সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৭ নভেম্বর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়।











































