খুলনাঞ্চল রিপোর্ট||
বিশ্বের সর্বত্রই খাদ্যশস্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে বৈশ্বিক জলবায়ুর বৈরী পরিবর্তন। গত দুবছরেরও বেশি সময় ধরে এর সঙ্গে যোগ হয়েছে করোনার থাবা। ফলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয় উদ্বেগ। এ উদ্বেগ আরও বেড়ে গেছে বিভিন্ন দেশে খাদ্য রপ্তানিকারী দুই দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে জ্বালানি ও সার সংকট। সব মিলিয়ে আন্তর্জাতিক খাদ্যপণ্যের বাজার এখন খুবই অস্থির হয়ে পড়েছে; দেশে দেশে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে খাদ্য নিরাপত্তা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বরং অভ্যন্তরীণ আরও কিছু সংকট যোগ হওয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।-খবর আমাদের সময়
যুদ্ধের মধ্যেই তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর হয়ে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। অতি সম্প্রতি এ চুক্তি স্থগিত ঘোষণা করেছে মস্কো। ফলে রপ্তানি গেছে বন্ধ হয়ে। এর ফলে বাংলাদেশেরও খাদ্যশস্য বিশেষ করে গম আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বিশ্ববাজারে ইতোমধ্যেই হু হু করে বাড়ছে গমের দাম। তাদের এ সংক্রান্ত ঘোষণার একদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে গমের দাম টনপ্রতি ১০-১৫ ডলার বেড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের একাধিক আমদানিকারক। হঠাৎ করেই রাশিয়ার এ ঘোষণায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, রাশিয়ার এ চুক্তি থেকে সরে যাওয়ার অর্থ হলো বিপর্যয় ঘটতে যাচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার তথ্যমতে, শস্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়ার হঠাৎ সরে যাওয়ায় বাংলাদেশ, আলজেরিয়া, মিসর, ইয়েমেন ও ভিয়েতনামসহ আরও অনেক দেশের খাদ্যপণ্যবাহী ১৭৬টি জাহাজ এখন নিজ নিজ দেশে ফিরতে পারছে না। ২০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য বহনকারী এসব জাহাজ কৃষ্ণসাগরে আটকা পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির এ সময় আমদানি ব্যাহত হলে দেশে খাদপণ্যের বাজার অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, দেশে খাদ্য উৎপাদন ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে গত রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ, কৃষি, খাদ্য, বাণিজ্য, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, স্বরাষ্ট্র, নৌ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি এনবিআর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, অভ্যন্তরীণ কৃষি উৎপাদনের বর্তমান অবস্থা এবং আগামীতে সম্ভাব্য ফলনের চিত্র, চাহিদা অনুযায়ী পণ্যভিত্তিক মজুদ, সার ও জ্বালানি আমদানি, বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি, ব্যাংকে রিজার্ভের পরিমাণ, এলসি খোলার পরিস্থিতি, বন্দর থেকে খালাসের পরিমাণ এবং পণ্যভিত্তিক দাম ও বাজারের সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ড. আহমদ কায়কাউস জানান, যে কোনো মূল্যে দেশে খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পণ্যের মূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেটিও সংশ্লিষ্টদের মনিটরিং করতে বলেছেন। জাতিসংঘের মধ্যস্থতায় গত জুলাইয়ে যুদ্ধরত দেশ দুটির মধ্যে শস্য রপ্তানির চুক্তি হওয়ার পর ৭ আগস্ট থেকে ইউক্রেন গম রপ্তানি শুরু করে। আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ বাড়ায় দামও কমতে থাকে। বাংলাদেশও বেসরকারিভাবে ইউক্রেন থেকে গম আমদানি শুরু করে। দেশটি থেকে গত অক্টোবর মাসে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের তিনটি চালানে ১.৫৯ লাখ টন গম আমদানি করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের (এফপিএমইউ) তথ্য বলছে, চলতি বছরের জুলাই মাস থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে গম আমদানির জন্য ১৫.৬৫ লাখ টনের এলসি খোলা হয়েছে। এ এলসিগুলোর অধিকাংশই ভারত, ইউক্রেন, রাশিয়াতে ও বুলগেরিয়ায় খোলা হয়েছে। এর এক-তৃতীয়াংশের বেশি এলসি খোলা হয়েছে ইউক্রেন থেকে। এর বিপরীতে এলসি সেটেলড হয়েছে ৬.৬৩ লাখ টন। তবে এ সময়ে বেসরকারিভাবে গম আমদানি হয়েছে ৪ লাখ টনের কিছু বেশি। এদিকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক তথ্যে দেখা গেছে, চলতি মাসের ২৫ তারিখ ৪৬,৬৫৫ টন গম নিয়ে সোনালী ট্রেডার্সের সর্বশেষ জাহাজে ইউক্রেনের গম এসেছে চট্টগ্রাম বন্দরে। অন্যদিকে স্থানীয় বাজারে চালের মূল্য ক্রমেই বাড়তে থাকায় এটি নিয়ন্ত্রণে আমদানির ওপর জোর দেয় সরকার। এরই ধারাবাহিকতায় আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫.২৫ শতাংশ করা হয়। পাশাপাশি বেসরকারি উদ্যোগে ১৪.৯২ লাখ টন চাল আমদানির অনুমতিও দেওয়া হয়। কিন্তু এর পরও সমস্যা রয়েই গেছে। স্থানীয় আমদানিকারকরা বলছেন, ডলার সংকটের কারণে চাল আমদানিতে তারা সমস্যার মুখোমুখি হচ্ছেন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে- ৩১ অক্টোবর পর্যন্ত খাদ্যশস্যের সরকারি মজুদের মধ্যে ছিল- ১৩ লাখ ৫৩ হাজার ৭০৭ টন চাল, ১ লাখ ৯৮ হাজার ৩০০ টন গম এবং ১৭ হাজার টন ধান। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বহিরাগত সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, রাশিয়া থেকে ১ লাখ টন গম আমদানি করা হয়েছে। বাকিগুলোও সময় মতো আসবে। এতে কোনো সমস্যা নেই। তবে রপ্তানি চুক্তির পরও বেসরকারিভাবে খুব বেশি গম রাশিয়া-ইউক্রেন থেকে আসেনি। খাদ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশের সঙ্গে গম আমদানির যে চুক্তি ইতোমধ্যে করা হয়েছে, সেই পরিমাণ গমের আমদানি আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার তৎপরতা চলছে। কারণ ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ইউরোপে শীত বেড়ে যায়। তখন যুদ্ধের তীব্রতাও যদি বেড়ে যায় তা হলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলো গম রপ্তানি বন্ধ করে দিতে পারে।
খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে ৭০-৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মধ্যে মাত্র ১০ লাখ টনের কিছু বেশি স্থানীয়ভাবে উৎপাদন হয়, বাকি পুরোটাই আমদানি করতে হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমদানি ক্রমেই কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। সূত্রমতে, সরকারিভাবে পার্শ্ববর্তী তিনটি দেশ থেকে ৫.৩০ হাজার টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। দেশগুলো থেকে ইতোমধ্যেই চাল আসতে শুরু করেছে। বর্তমানে সরকারের গুদামে প্রায় ১৬ লাখ টন চাল ও গমের মজুদ রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের খাদ্য গুদামগুলোতে ২২ লাখ টন খাদ্য মজুদের সক্ষমতা রয়েছে। আগামী বছরের সম্ভাব্য ঝুঁঁকি মোকাবিলায় সরকার প্রায় ৮ লাখ টন ধারণ ক্ষমতার আটটি স্মার্ট সাইলো নির্মাণের কাজ চলছে, যা আগামী বছর সম্পন্ন হবে। এসব সাইলো নির্মাণ সম্পন্ন হলে সরকার ৩০ লাখ টন খাদ্য মজুদ করতে পারবে বলে জানান তারা।

ধান চাল সংগ্রহ অভিযান শুরু ১০ নভেম্বর: গতকাল সরকারিভাবে আমন ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১০ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে। সিদ্ধান্ত অনুযায়ী ৪২ টাকা কেজি দরে ৫ লাখ টন চাল কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া ২৮ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার। গত বছর চাল কেনা হয়েছিল ৪০ টাকা এবং ধান ২৭ টাকা কেজি দরে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত বছরের থেকে এবছর চালের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ধানের দামও কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে এবার চাল ও ধানের দাম বাড়ানো হয়েছে। আটার দাম বৃদ্ধির বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, আটার দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খোলা আটা প্রতি কেজি ১৮ টাকা এবং দুই কেজির প্যাকেট ৪৩ টাকা বহাল রয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, বর্তমান বিশ্ব খাদ্য পরিস্থিতি মাথায় রেখে কৃষি খাতে বায়োটেকনোলজির ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সুষম সার ব্যবস্থাপনা, কৃষি যান্ত্রিকীকরণ, পরিবর্তিত জলবায়ুতে চাষের উপযোগী জাত উদ্ভাবন, বায়োফর্টিফিকেশনের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যোপাদান সমৃদ্ধ শস্য উৎপাদনে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, ডিজেল, বীজ ও কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য কৃষি উপকরণে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুল ইসলাম বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য উচ্চফলনশীল উফশী ও হাইব্রিড জাতের ধান চাষের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। উপকূলীয়, পাহাড়ি এবং চরাঞ্চলের পতিত জমি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমিগুলোকে চাষের আওতায় আনা। এ ছাড়া শস্য বিন্যাস করে স্বল্পমেয়াদি জাত ব্যবহার করে অতিরিক্ত ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমদানি ব্যয় কমিয়ে আনতে উৎপাদন বৃদ্ধির জন্য সব ধরনের কর্মপরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি।











































