টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জে উৎপাদিত বীজে এ বছর দেশের বিভিন্ন জেলার ১ হাজার ৬০০ একর জমিতে আলুর চাষাবাদ হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) গোপালগঞ্জ আলু বীজ হিমাগার থেকে বিভিন্ন জেলায় চাষাবাদের জন্য এসব আলু বীজ ডিলারদের মাধ্যমে বিপনন করা হবে। ডিলাররা সরকার নির্ধারিত মূল্যে এসব বীজ কৃষকের কাছে পৌঁছে দেবেন। গত ৮ বছর ধরে গোপালগঞ্জ আলু বীজ হিমাগারের বীজ এভাবে আলু উৎপাদকারী জেলাগুলোতে পাঠানো হচ্ছে। ন্যায্যমুল্যে মানসম্মত গোপালগঞ্জ আলু বীজ হিমাগারের বীজ নিয়ে চাষাবাদ করে কৃষক অধিক ফলন পাচ্ছেন। এতে কৃষক লাভ হচ্ছেন। ফলে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
বিএডিসি’র গোপালগঞ্জ আলু বীজ হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ দীপংকর রায় বলেন, বিএডিসির তত্ত্বাবধানে জেলায় প্রতিবছর ১৮০ একর জমিতে বীজ আলুর চাষাবাদ করা হয়। গত ৮ বছর ধরে আমরা আমাদের চুক্তিবদ্ধ কৃষকদের দিয়ে বীজ আলু উৎপাদন করে আসছি। বীজ আলু উৎপাদানে আমরা কৃষককে কৃষি ঋণের মাধ্যমে বীজ, সার, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায়োজনীয় সহযোগিতা প্রদান করি। কৃষক বীজ আলু উৎপাদন করে হিমাগারে পৌঁছে দেন। এরপর হিমাগার থেকে কৃষকের বীজ আলুর টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। এ সময় কৃষিঋণের টাকা ব্যাংক সমন্বয় করে নেয়। কৃষক লাভের টাকা হাতে পান। গত মৌসুমে গোপালগঞ্জে আমরা ১ হাজার ১৬৮ দশমিক ৬ টন আলু বীজ উৎপাদন করি। এই আলু বীজ আমাদের হিমাগারে রয়েছে। আলু রোপণ মৌসুম প্রায় আগত। আমরা আমাদের ডিলারদের মাধ্যমে এই আলু বীজ বগুড়া, রংপুর, জয়পুরহাট, দিনাজপুর, মুন্সিগঞ্জ, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিপনন করব। ডিলাররা এইসব বীজ কৃষকের কাছে পৌঁছে দেবেন। এই বীজ দিয়ে অন্তত ১ হাজার ৬০০ একর জমিতে আলুর চাষাবাদ হবে।
গোপালগঞ্জের আলু বীজে চাষাবাদ করে কৃষক প্রতি একরে ৯ থেকে ১০ টন আলুর ফলন পাচ্ছেন। অতিরিক্ত ফলন পেয়ে কৃষক লাভবান হচ্ছেন। তাই গোপালগঞ্জের ভাল মানের বীজ আলু ন্যায্যমূল্যে সঠিক সময়ে কৃষক পেয়ে উপকৃত হন। আমাদের হিমাগারে ডায়মন্ট, এস্টারিক্স, কার্ডিনাল, সানসাইন, সান্তানা, রশিদা এই ৬ প্রজাতির বীজ আলু রয়েছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গোপালগঞ্জে আলু বীজ হিমাগার করেছে। তারা তাদের তত্ত্বাবধানে এ জেলায় আলু বীজ উৎপাদন করছে। এক্ষেত্রে তাদের চুক্তিবদ্ধ কৃষক রয়েছে। এসব কৃষকদের তারা প্রশিক্ষণ, পরামর্শ সহ সবধরণের সহযোগিতা করে আসছেন। তাদের নিবিড় তত্ত্ববধানে এই জেলায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদিত হচ্ছে। গোপালগঞ্জের মানসম্মত আলু বীজ দিয়ে চাষাবাদ করে দেশের বিভিন্ন জেলার কৃষক আলুর বাম্পার ফলন পাচ্ছেন। দেশের আলু উৎপাদন বৃদ্ধিতে বিএডিসির গোপালগঞ্জ আলু বীজ হিমাগার ব্যাপক ভূমিকা রাখছে। এই হিমাগারের আলু বীজ এখন কৃষকদের কাছে সমাদৃত।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামের আলু বীজ চাষী মতিয়ার রহমান বলেন, আলু বীজ চাষ করে আমরা লাভবান। প্রতি একরে ৯ থেকে ১০ টন আলুর ফলন পাই। এখান থেকে বাছাই করে সাড়ে ৫ থেকে ৬ টন আলু বীজ হিসেবে হিমাগার কর্তৃপক্ষ গ্রহণ করে। আলুর বাজার দরের দেড়গুন টাকায় হিমাগার কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে বীজ আলু সংগ্রহ করেন। বীজ আলু হিমাগারে দেয়ার পর বাদ বাকী আলু আমরা বাজারে বিক্রি করি। আলু বীজ চাষাবাদ করে আমরা ভাল আছি। এই চাষাবাদে আমাদের তেমন কোন খরচ নেই। বীজ থেকে শুরু করে সব খরচ কৃষি ঋণের মাধ্যমে বিএডিসি আলু বীজ হিমাগার কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেয়। পরে হিমাগারে বীজ আলু জমা দেয়ার পর আমাদের নামে হিমাগার কর্তৃপক্ষ চেক ইস্যু করে দেন। আমারা ব্যাংকে এই চেক জমা দেই। ব্যাংক কৃষি ঋণের টাকা কেটে রেখে আমাদের লাভের টাকা বুঁঝিয়ে দেয়।











































