ঢাকা অফিস।।
বিএনপি ক্ষমতায় গেলে দেশসুদ্ধ গিলে ফেলবে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে।
বিএনপি স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশসুদ্ধ গিলে ফেলবে।
এসময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান! বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আর আমরা বলি, বিএনপি থেকে সাবধান।
বিএনপি মারমুখী আচরণ করছে দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি।
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ইচ্ছা হলে নির্বাচনে আসবে, না এলেও নির্বাচন হবে। বিএনপি বলছে, তারা না-কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না! যাবে, যাবে। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি-না।
রংপুরে বিএনপির গণসমাবেশের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রংপুরে বিএনপির সমাবেশে তিনদিন আগে থেকে লোকজন না-কি মঞ্চে শুয়ে আছেন। বাড়ির ছাদে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুয়ে আছেন টাকার বস্তার ওপর। সমাবেশের নামে বিদেশ থেকে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।
তিনি আরও বলেন, বিএনপির সমাবেশে ক’জন লোক হয়েছে তা আমরা দেখেছি। আর আজ শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলনে কত লোকজন হয়েছে তা দেখে যান। ফখরুল সাহেব দেখে যান, আপনাদেরটায় কত লোক, আর আমাদেরটায় কত হয়েছে। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।











































