Home আঞ্চলিক খোকসায় সাবেক চেয়ারম্যানের ভাইকে হাতুড়িপেটা

খোকসায় সাবেক চেয়ারম্যানের ভাইকে হাতুড়িপেটা

10

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানের ভাই শরিফুল ইসলামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের একতারপুর হোটেল মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শরিফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি সাবেক চেয়ারম্যান হবিবুর রহমানের ভাই ও কমলাপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে।
এ ব্যাপারে শরিফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে নিজের বাড়িতে যাচ্ছিলাম। পথে একতারপুর হোটেল মোড়ে গাড়ি থামিয়ে মজিদ চেয়ারম্যান, তাইফুল, সন্তোষসহ পাঁচ থেকে ছয়জন আমাকে হাতুড়ি দিয়ে মেরেছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জেরেই তারা আমার ওপর হামলা চালিয়েছে।

সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেতার পর থেকেই বর্তমান চেয়ারম্যান আমার লোকজন ও আত্মীয়স্বজনের ওপর বারবার হামলা চালাচ্ছে। এবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে চেয়ারম্যান।

এসব অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, মারধরের ঘটনায় আমি বা আমার লোকজন জড়িত নয়। শুনেছি হোটেল মোড়ে মারামারি হয়েছে।

খোকসা থানার ওসি আশিকুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যানের ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা কী কারণে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।