বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলার গাওলা পাগলা বাজারে খুলনা-মাওয়া পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রাকচালক মো. জাবের (৩২) আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উপজেলার মাদ্রাসাঘাট থেকে নাশুখালীর দিকে যাচ্ছিল।
স্থানীয়দের দাবি, ধারণক্ষমতার অতিরিক্ত বালু ছিল ট্রাকটিতে। ট্রাকটি ব্রিজের ওপর উঠতেই রেলিং ভেঙে খালে পড়ে যায়।
খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনা হয়েছে। রাতের মধ্যেই ট্রাকটি তোলা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ট্রাকটি তোলার পর ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কারকাজ শুরু হবে। দ্রুত ট্রাকটি তুলে ব্রিজ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।











































