Home জাতীয় খুলনার সমাবেশ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে: বিএনপি

খুলনার সমাবেশ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে: বিএনপি

11

 

ঢাকা অফিস।।

পদে পদে বাধা, হামলা, পুলিশের গ্রেপ্তারকে উপেক্ষা করে খুলনার সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সভা, আগামী সমাবেশগুলোকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত আজ বুধবার গণমাধ্যমকে জানানো হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।

সভায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ জনের প্রাণহানী ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, মৎস্য খামার ও ফসল বিনষ্ট হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। দলের সব স্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সরকার ‘সম্পূর্ণ ব্যর্থ’: সভায়, জ্বালাসির তীব্র সংকট সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের উদ্বেগ, জ্বালানি উপদেষ্টার অসহায় মন্তব্যের বিষয়ে আলোচনা হয়। নেতারা মনে করেন, সীমাহীন দুর্নীতি, অযোগ্যতা ও অব্যস্থাপনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের মদদপুষ্ট গুটিকয়েক কোম্পানিকে সব সুবিধা প্রদান, ইনডেমনিটি আইন প্রণয়ন, দেশে গ্যাস উত্তোলনে অনীহা, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় এবং সর্বোপরি অর্থ লুট করে বিদেশে পাচারের কারনে রিজার্ভ এর পরিমাণ হ্রাস পাওয়ায় বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অনির্বাচিত সরকারের কোথাও জবাবদিহিতা না থাকায় নজিরবিহীন দুর্নীতি চরম পরিস্থিতির দিকে নিয়ে গেছে। জ্বালানি উপদেষ্টার মন্তব্য বিএনপির কয়েকটি প্রেস কনফারেন্স ও সেমিনারের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করেছে। জ্বালানির অপ্রাপ্যতা, বিদ্যুতের সরবরাহে চরম বিপর্যের সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা।।

ব্যক্তিস্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে ‘গভীর সংকট’: স্থায়ী কমিটির সভায় তুলে ধরা হয়, বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসে ২০২৩ সালে বিদেশি ঋণের পরিমান দাঁড়াবে ১১৫ বিলিয়ন ডলারে, ২০২২ সালে এই ঋণ পরিশোধেই ব্যয় হবে ২৩ বিলিয়ন ডলার। এই পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সভায় তারা মনে করেন, অনির্বাচিত সরকারের গৃহীত তথাকথিত মেগা প্রজেষ্ট এবং প্রয়োজন নয়—এমন সব প্রকল্প গ্রহণ, সুষ্ঠু কোনো পরিকল্পিত নীতি ব্যতিরেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এড়িয়ে ব্যক্তিস্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। এর দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

বয়স্ক-বিধবা ভাতার নতুন তালিকাভুক্তি বন্ধ করা ‘ধমানবিক’: বিএনপির এই সভায় উল্লেখ করা হয়, অর্থ বরাদ্দ না থাকায় ২০২২-২৩ অর্থবছরে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যক্রম বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নিগৃহীত মহিলা ভাতার জন্য নতুন তালিকাভুক্তি বন্ধ করায় অনির্বাচিত সরকারের তীব্র সমালোচনা করা হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠির সবচেয়ে অসহায় অংশ বয়স্ক ও বিধবা, স্বামী নিগৃহীত মহিলা। বর্তমান মূল্যস্ফীতির সময় এই কর্মসূচিতে নতুন তালিকাভুক্তি বন্ধ করা অমানবিক। অবিলম্বে নতুন তালিকাভুক্তি শুরু করার দাবি জানানো হয়।

সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।