ফুলতলায় চিকিৎসায় নেতাকর্মীদের নগদ অর্থ প্রদানকালে
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, হামলা-মামলার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু এসব করে লাভ হবে না। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
বাংলাদেশের মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, তখন দলীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার সে লড়াই পণ্ড করতে চায়। খুলনার গণসমাবেশকে বানচাল করতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু হামলা, মামলা ও নিপীড়ন-দমন করে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিষ্ট সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে ফুলতলায় শাসক দলের হামলায় মারাত্মক আহতদের সুচিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা এড. মনা সরকারের উদ্দেশ্যে আরো বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সেই তত্ত্বাবধায়কের অধীনে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের নতুন সরকার নির্বাচিত করবে।
নগদ চিকিৎসা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খান নান্নু, এস এ রহমান বাবুল, হাসনাত রিজভী মার্শাল, মো. মনির হাসান টিটো, মোল্লা ওয়াহিদুজ্জামান নান্না, জামাল ভুইয়া, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রানা, ইকবাল হোসেন, বিদ্যুৎসহ অনেকে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবরের গণসমাবেশকে কেন্দ্র করে শাসকদলের ক্যাডারদের হাতে আহত হাজারের বেশি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের বিষয়গুলো সার্বক্ষনিক মনিটরিং করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।











































