Home জাতীয় ডিসেম্বরের মধ্যে ভূমিহীনমুক্ত হবে যে উপজেলা

ডিসেম্বরের মধ্যে ভূমিহীনমুক্ত হবে যে উপজেলা

10

ঢাকা অফিস।।
দুই ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ধাপের ডাংগা আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে থাকেন ৪০ বছর বয়সী শরিফা বেগম। স্বামী হাসানুল হক ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

বড় ছেলে শরিফ ইসলাম পাশের ঝাকুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। ছোট ছেলে শাকিব ইসলামের বয়স এক বছর।

ঘর ও জমি পেয়ে আনন্দের কমতি নেই শরিফা বেগমের। জানতে চাইলে বলেন, ‘কষ্টের শেষ ছিল না। মাইনসির জমিত ভাঙাচোরা ঘর বানেয়া থাকির নাগছিল। পানি ঢুকছিল ঘরোত। কী যে কষ্ট হইছিল, তা কওয়ায় যায় না। এখন শান্তি মতোন শুতি নিন পারির পাইছি। কবার পাইছি একটা ঠিকানা হইছে। জমি আছে ঘরও আছে।’

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে ভুল করলেন না শরিফা বেগম। বলেন, ‘যে কামটা গরিব মানুষগুলার করি দিছে, আর কারো সাহস হইবে না এই কাজ করি দেখেবার।’

ছেলে শরিফ ইসলাম বলে, ‘আগোত বাড়ি ঘর ছিল না। খ্যাড়ের ঘরোত থাকির নাগছিল। বাতাস হইলে খুব ভয় নাগছিল। খাতা-বই ভিজি গেইছিল, অ্যালা চিন্তা করো না বই খাতা ভিজিবার।’

একই প্রকল্পের ৬৮ নম্বর ঘরে থাকেন আজগর আলী। ৭০ বছর বয়সী আজগর আলীর সারা জীবনই কেটেছে মানুষের জমিতে ঘর তুলে বসবাস করে। স্ত্রী হাসিনা বেগমকে নিয়ে এখন বসবাস করছেন সরকারি এই প্রকল্পে। বলেন, ‘সারাটা জীবন গেল এক শতক জমি কিনির পানু না। শেখের ব্যাটি মোক দুই শতক জমি দেইল, ফির পাকা ঘর বানে দেইল। আল্লাহ তার ভালো করুক।

‘শ্রমিক হিসেবে কাম করি জীবনটা শ্যাষ হয়া গেল। শেষ বয়সে এসে একটা ঠিকানা হইল। কবার পাইছি মুই মাইনসির জমিত থাকো না।’

আজগর আলীর স্ত্রী হাসিনা বেগম বলেন, ’৪০ বছর আগোত যখন মোর বিয়াও হইল, তখন ওমরা (স্বামী) মাইনসির জমিত ছিল। সংসার জীবন কাটি গেল। ছেলে মেয়ের বিয়াও হয়া গেইল। অ্যানা জমি নিবার পাইল না। শেখ হাসিনা হামাক দেখিছে। নয়া বাড়ি ঘর করি দিছে। রাইতোত ভালো করি নিন পারির পাই অ্যালা।’

শরিফা বেগম কিংবা আজগর আলী মতো ৭১টি পরিবার এই প্রকল্পে পেয়েছেন নিশ্চিন্তে ঘুমানোর ঠিকানা, যেখানে বিদ্যুৎসহ পাকা ঘর, রান্না ঘর, টয়লেটসহ অন্যান্য সুবিধা রয়েছে।

গাছপালা আর প্রাকৃতিক পরিবেশের সাথে আকাশি নীল রঙের টিনের চাল পুরো এলাকার পরিবেশ বদলে দিয়েছে।

এক সময়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন নূর বানু। স্বামী আমিরুল ইসলামও একই কাজ করতেন। পুটিমারী ইউনিয়নের শাল্টিবাড়িতে অন্যের জমিতে থাকত নূর বানুর পরিবার। সেখানেই বিয়ে হয় তাদের, যদিও পরে তারা ঠিকানা পরিবর্তন করে অন্যের জমিতে আশ্রয় নিয়ে বসবাস করে আসছিলেন।

এখন থাকার ঠিকানা খুঁজে পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পে। ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে ঝিয়ের কাজ করছেন নূর বানু।

তিনি বলেন, ‘হামরা যে বাড়ি-ঘর জমি পামো, এইটা চিন্তাই করির পাই নাই। একদিন উপজেলা থাকি স্যারের ঘর আসি খোঁজখবর নেইল, আইডি কার্ড নেইল, যোগাযোগ করিল। কইছিল যে তোমাক শেখ হাসিনা ঘর দিবে। ঠিক, ঘরও করি দিছে। অ্যালা খুব খুশি নাগেছে মোক। থাকির পাইছি।’

জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এখানে ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা বরাদ্দে ঘরগুলো তৈরি করে দেয়া হয় সুবিধাভোগীদের মাঝে। দ্বিতীয় পর্যায়েও একই বরাদ্দে ঘর তৈরি করা হয়। যেখানে প্রথম পর্যায়ে ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে ঘর তৈরি করা হয়েছিল।