মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে বিদ্যুৎহীন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একে একে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনেরা নিয়ে হাজির হন ৭ প্রসূতি মাকে। সোমবার রাতের প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যেই তারা মোংলার বিভিন্ন এলাকা থেকে আসেন সরকারী এ হাসপাতালে। বিদ্যুৎ না থাকায় হাসপাতালেও ওই রাতে এক প্রকার ভুতুড়ে অবস্থা ছিলো। রাতে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও নার্সেরা খবর দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসেনকে। খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে এসে বাকী সকল চিকিৎসক ও নার্সদের খবর দিয়ে আনেন সেখানে। এরপর এক এক করে শুরু হয় প্রসূত মায়েদের সেবা। সোমবার ভোরেই ইলেকট্রিসিটি চলে যায় হাসপাতালের। কিন্ত সোমবার রাতে চার্জার লাইট, মোবাইল টর্চ আর মোমবাতির আলো দিয়ে প্রসূতিদের সন্তান প্রসবে কাজ শুরু করেন হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র ষ্টাফ নার্স, মিডওয়াইভস, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী সকলে মিলেই। রাতেই একে একে ৭ জন প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করেন তারা।
তারা হলেন, মোংলার মাকড়ঢোন এলাকার সোহাগ সরদারের স্ত্রী মুক্তা (১৯), সিগনাল টাওয়ার এলাকার জাকির হাওলাদারের স্ত্রী মনিরা (৩৩), আরাজী মাকড়ঢোন এলাকার মেহেদী হাসানের স্ত্রী বনানী (১৯), মালগাজী এলাকার মানিক শেখের স্ত্রী মিলা (২৬), ভাসানী সড়কের আবুল হোসেনের স্ত্রী শাহানাজ বেগম (৪২), নারকেলতলার মজিবর হাওলাদারের স্ত্রী রাজিয়া (৩০) ও বাঁশতলা এলাকার মাছুমের স্ত্রী নাঈমা (২০)।
হাসপাতাল সংশ্লিষ্টদের আন্তরিক সেবায় এ সকল মায়েদের প্রত্যেকেরই নরমাল ডেলিভারি করানো সম্ভব হয়েছে। মা ও বাচ্চা সকলেই ভাল এবং সুস্থ রয়েছেন। এদের কেউ কেউ মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে চলে গেছেন, আর কেউ কেউ এখনও হাসপাতালে রয়েছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসেন বলেন, ঘূর্নিঝড় সিত্রাং আমাদের যতই রক্ত চক্ষু দেখাক, আমরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাতে মোটেও ভীত হয়নি। সিত্রাংয়ের তান্ডব চলাকালীন প্রত্যন্ত গ্রাম থেকে একে একে ৭ জন গর্ভবতী মা হাসপাতালে এসে ভর্তি হন। এরমধ্যে আবার হাসপাতালে ইলেকট্রিসিটি ছিলনা। তাই চার্জার লাইট, মোবাইল টর্চ আর মোমবাতির আলো দিয়ে কাজ করেছেন আমাদের মেডিকেল অফিসার, সিনিয়র ষ্টাফ নার্স, মিডওয়াইভস, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীরা। লেবার ওয়ার্ডে রোগী রাখার জায়গা না থাকায় এক্সট্রা বেড দিয়ে এ রোগীদের রাখা হয়। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে ৭ জন মায়ের ডেলিভারি সম্পন্ন করতে পেরেছি। ৭ জন মা ও তাদের শিশু সুস্থ আছেন, ভালো আছেন। আগামীতেও এভাবেই যে কোন দুর্যোগে আগত রোগীদের প্রয়োজনীয় সেবাদানে প্রস্তুত হাসপাতালের সকলেই বলে জানান ডাঃ মোঃ শাহীন হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ আসিফ ইকবাল বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো টিম সিত্রাংয়ের তান্ডবের সারা রাত অক্লান্ত পরিশ্রম করে ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ডিউটিতে উপস্থিত থেকে দারুণভাবে সেবা কার্যক্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই হয়। ধন্যবাদ জানালেও সেটা খুব কম হয়ে যায় বলেও জানান তারা।











































