Home আঞ্চলিক বিষ প্রয়োগে ১৮ কুকুর ‘হত্যার’ ঘটনায় মামলা

বিষ প্রয়োগে ১৮ কুকুর ‘হত্যার’ ঘটনায় মামলা

7

 

যশোর  অফিস।।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে বিষ প্রয়োগে ১৮টি কুকুর ‘হত্যার’ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে।  সোমবার যশোর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরমার হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের আদেশ দিয়েছেন।

 

অভিযুক্তরা হলেন- যবিপ্রবির রেজিস্ট্রার আহসান হাবিব, স্টেট ও নিরাপত্তা শাখার এসএম হাসান আলী, নিরাপত্তা প্রধান কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের আলম মিয়ার ছেলে জাকির মিয়া।  মামলার বাদী হয়েছেন যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বাসিন্দা সওগত কামাল।

 

মামলার বিবরণে বলা হয়েছে- গত ২৮ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চুয়াডাঙ্গার জাকির মিয়াকে ভাড়া করে এনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষ প্রয়োগ করে ১৮টি কুকুর ‘হত্যা’ করেন। এ বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কুকুর নিধনের কয়েকটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।

 

বিষ প্রয়োগে কুকুর ‘হত্যাকাণ্ডকে’ অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির আবেদন জানিয়ে দণ্ডবিধি ৪২৮ ও ১০৯ ধারায় মামলা করেছেন সওগত কামাল।

 

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদীপক্ষের আইনজীবী মাহমুদ হাসান বলেন, বিষ প্রয়োগ করে কোনো প্রাণী হত্যার শাস্তি সর্বোচ্চ দুই বছর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮টি কুকুরকে বিষ প্রয়োগ করে ‘হত্যাকাণ্ডের’ ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এটাকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী বছর ১৩ জানুয়ারি।

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টা আমার জানা নেই। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে কুকুর নিধনে অনুমতি দেয়নি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

 

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে বিষ প্রয়োগে কুকুর ‘হত্যার’ বিচার দাবিতে এর আগেও যশোরে মানববন্ধন করেছিল বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আইনি নোটিশ পাঠানো হয়। বেসরকারি প্রাণী সেবামূলক প্রতিষ্ঠানের গার্ডিয়ানস অব পস অ্যান্ড কসের (জিপিসি) সভাপতি শামীম আকনের হয়ে ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠান খুলনা জজ কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস।