মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনার সমাবেশ থেকে শেখ হাসিনার কাছে বার্তা গেছে যে, আপনি আর বৈধ প্রধানমন্ত্রী নন, অনেক আগে থেকেই আপনার বৈধতা ছিলনা। আপনি অন্যায় করে, জোর করে, প্রতিদ্বন্দ্বীহীন দিনের ভোট রাতে করে, নৈশ ভোট করে ক্ষমতায় টিকে আছেন। তার বিরুদ্ধে একটা কড়া প্রতিবাদ জানানো হয়েছে ২২ শে অক্টোবর খুলনা বিভাগের সমাবেশের মধ্যদিয়ে। এ সমাবেশে যারা এসেছিলেন তাদেরকে পথে পথে রক্তাক্ত করা হয়েছে। দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোংলায় আহতদের দেখতে এসেছি, তাদের পরিবারের প্রতি সংহতি জানিয়েছি ও সুস্থতা কামনা করেছি, আল্লাহর কাছে মোনাজাত করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় মোংলার বটতলায় বিএনপি নেতা জিন্নাত সানার বাসায় তাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম হুহু করে বেড়েই চলেছে। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচি বিএনপি করে আসছে। তারই অংশ হিসেবে বিভাগীয় হেড কোয়ার্টারে সমাবেশ হচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহ শেষে তৃতীয় সমাবেশ হয়েছে খুলনায়। এতে সরকারের নানা ধরণের বাঁধা হুমকি, সন্ত্রাসী আক্রমণ উপেক্ষা করে রক্তাক্ত হয়েছে আমাদের নেতা-কর্মীরা। রক্তাক্ততা বরণ করেও সমাবেশকে সাফল্যমন্ডিত করেছে তারা। এ সমাবেশ ছিলো ঐতিহাসিক, এ সমাবেশকে সরকার কোনভাবেই পন্ড করতে পারেনি। তাদের ইচ্ছা ছিলো পন্ড করার, তা করতে না পেরে পথে পথে আমাদের অসংখ্য নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। তাদের দেখতে এসেছি, খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০/৪৫ জনকে দেখে মোংলায় আহতদের দেখতে এসেছি। আমি আহত বিএনপি, যুব ও ছাত্রদলের জিন্নাত সানা, মোঃ মাকসু, মোঃ মনির, মোঃ হাজী আলম, মোঃ জসিম, মোঃ মিজান, মোঃ ওলিয়ারক দেখার জন্য এসেছি।
এ সময় কেন্দ্রীয় এ নেতার সাথে ছিলেন মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি বাবলু ভুইয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন, পৌর শ্রমিক দল সভাপতি আলতাফ হোসেন আলতু, থানা শ্রমিক দলের আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবদল সদস্য মোঃ আলাউদ্দিন ও পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আঃ সালাম ব্যাপারীসহ অন্যান্যা নেতা-কর্মীরা।











































