স্টাফ রিপোর্টার।।
দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ। তাই উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন ৪০ হাজার মানুষ।
জানা গেছে, এতে ৩০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, গঠন করা হয়েছে ১১৬টি মেডিকেল টিম। প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।
খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার বলেন, খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। সেই সঙ্গে স্কুল মিলিয়ে ৫৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিকেল থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ চার উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
বিকেল থেকে খুলনার কয়রা উপজেলার দুর্গত মানুষেরা আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ২নং কয়রা গ্রামের দক্ষিণ মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় স্থানীয় মানুষ ঘরবাড়ি ছেড়ে এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
সেখানে আশ্রয় নেওয়া একজন বলেন, ঝড়ে যে গতি বাড়ছে তাতে বাড়ি থাকার আর উপায় নেই। আমাদের বাড়িও খুব ভালো না। তাই বাড়ির মায়া ত্যাগ করে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছি। শুনেছি আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা করবে। কিন্তু এখনো সেরকম কোনো কিছু দেখছেন না বলে তিনি জানান।
তবে দুপুরে কিংবা বিকেলে অনেকেই আশ্রয়কেন্দ্রে না এলেও সন্ধ্যার পর ঝড়ের গতি বেড়ে যাওয়ায় অনেকে আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন অনেকেই।











































