খুলনাঞ্চল রিপোর্ট।।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালের সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে বরিশাল নগরীর সদর রোড, ভাটিখানা, বটতলা, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোড, কালীবাড়ি রোড, বগুড়া রোড, বাংলাবাজারসহ অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মহানগরীর অন্তত ১৫টি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক মো. রফিকুল আলম বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন না করা, জলাশয় ভরাটের কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া ২০১০ সালে মাস্টার প্ল্যানে ৪৬টি খালের নাম পাওয়া গেলেও এখন কোনোমতে অস্তিত্ব টিকে আছে ৭টি খালের। আর নগরীতে বর্তমানে জলাশয় টিকে আছে মাত্র ১০ শতাংশ। ফলে পর্যাপ্ত পানিপ্রবাহের জায়গা না থাকায় নগরবাসীকে এ দুর্ভোগে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বরিশাল সিটি করপোরেশন সংশ্লিষ্টরা। এদিকে বরিশালে এরই মধ্যে প্রধান ১০ নদীসহ মোট ২৩টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানির স্তরের তথ্য বার জোন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিভাগের মধ্যে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টমিটার ও পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া পিরোজপুরের বলেশ্বর ও উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার কাছাকছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম বলেন, সিত্রাংয়ের প্রভাবে নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারণে বিভাগের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জেলা-উপজেলা সদরের প্রধান শহরেও পানি ঢুকেছে।
বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার মধ্যরাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নদীবন্দরে ৩ ও সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্কসংকেত রয়েছে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়তে থাকবে।











































