স্পোর্টস ডেস্ক।।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এর ফলে নিশ্চিত জয় সত্ত্বেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো প্রোটিয়াদের।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বৃষ্টির বাগড়াতেই ওভার কমিয়ে ম্যাচ শুরু হয় ৯ ওভারে।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি কক। প্রথম ওভারে তিনি তোলেন ২২ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।
মাত্র ৩ ওভারেই দলের ৫০ রান পূর্ণ করেন দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও টেম্বা বাভুমা। দলীয় ৫১ রানের মধ্যে ডি কক একাই করেন ১৮ বলে ৪৭ রান। টেম্বা করেন ২ বলে ২ রান। এরপর বৃষ্টিতে আবারও খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামায় পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিশ্চিত জয় পেতে যাওয়া প্রোটিয়াদের ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। হারতে বসা জিম্বাবুয়েও পায় ১ পয়েন্ট।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ৬ রানে ক্রেইগ আরভিন, ১২ রানে রেজিস চাকাবা ও সিকান্দার রাজা ও ১৯ রানে শন উইলিয়ামস আউট হন। সেখান থেকে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। পঞ্চম উইকেটে তারা দুজনে মিলে ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন। তাতে জিম্বাবুয়ে পায় ৭৯ রানের সংগ্রহ।
মাধভেরে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আর শুম্বা ২০ বলে ২ চারে ১৮ রান করে শেষ বলে আউট হন।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে লুঙ্গি এনগিদি ২ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট পান। দলের হয়ে একটি করে উইকেট নেন পার্নেল ও নরকিয়া।











































