Home আঞ্চলিক মোংলায় আশ্রয় কেন্দ্রে সাড়ে ১০ হাজার মানুষ: তলিয়েছে সাড়ে ৬শ চিংড়ি ঘের

মোংলায় আশ্রয় কেন্দ্রে সাড়ে ১০ হাজার মানুষ: তলিয়েছে সাড়ে ৬শ চিংড়ি ঘের

6

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ১০ হাজার ৪শ মানুষ আশ্রয় নিয়েছেন। ঝড় বৃষ্টি ও জ্বলোচ্ছাসে এখানকার সাড়ে ৬শ চিংড়ি ঘের তলিয়ে গেছে। বন্ধ রয়েছে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ। ঝড়ে আশ্রয় নেয়া লোকজনের জন্য সরকারী খাদ্য সহায়তা স্থানীয় প্রশসসনের কাছে এখনও পৌছায়নি। তবে এক লাখ টাকা ত্রাণ সহায়তা পেয়েছেন উপজেলা প্রশাসন। রাতে শুকনো খাবার দেয়া হবে আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে মোংলায় শুকনো খাবারের চরম সংকট রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ বলেন, বিদেশী সকল জাহাজের পণ্য বোঝাই-খালাস বন্ধ রেখে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বন্দরের নিজস্ব নৌযানগুলো নিরাপদে রাখা হয়েছে। চ্যানেলের বিভিন্নস্থানে থাকা পণ্যবাহী কার্গো-কোস্টারগুলোকে নিরাপদে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ঝড়টি বর্তমানে মোংলা বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। মোংলায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। আর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝড়টি আজ মধ্যরাত কিংবা ভোর রাত নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন তিনি।