ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনার ডুমুরিয়ায় উপকূলে সোমবার ভোর থেকে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এতে উপজেলার সদর, শরাফপুর, সাহস, শোভনা ও অটলিয়া ইউনিয়ন সংলগ্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এই এলাকার মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে সকাল থেকে শুরু হয়েছে মাইকিং। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে উপজেলার ২৫টি আশ্রয়কেন্দ্র।
উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান,সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। উপজেলার সব এলাকায় মাইকিং চলছে। এছাড়া মসজিদে মজজিদে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ হাসিব রহমান বলেন, ঘুর্ণিঝড় মোকাবিলার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি শুকনো খাবার প্রস্তুত রাখা, সাইক্লোন শেল্টারে যারা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আগতদের প্রথমিক চিকিৎসা দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য ও মাগুরখালী ইউপি সদস্য মনোজ সরকার জানান, সকাল থেকে অবিরাম বৃষ্টির ফলে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী, শরায়পুর, আটলিয়া, শোভনা ও ভান্ডারপাড়া ইউনিয়নে কয়েকশ চিংড়ির ঘের পানিতে ডুবে গেছে। ওই সব অঞ্চলে পাউবোর বেড়ি বাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। নষ্ট হয়ে গেছে শীতকালীন সবজির ক্ষেত। মানুষজন গরু, ছাগল হাঁস-মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছেন।











































