নিজস্ব প্রতিনিধি।।
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে সেখানে পৌঁছাতে চুয়াডাঙ্গা বিএনপির নেতা-কর্মীরা দুই দিন আগেই খুলনার পথে রওনা দিয়েছেন। সমাবেশের দিন খুলনায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার পাশাপাশি পরিবহন বন্ধের আশঙ্কায় দলীয় নেতাদের পরামর্শে তাঁরা পানির বোতল, চিড়া-মুড়িসহ শুকনা খাবার সঙ্গে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে দলের প্রস্তুতি সভা শেষে নেতা-কর্মীদের কেউ ট্রেনে, কেউ বাসে চড়ে রওনা দেন।
খুলনার গণসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত একাধিক নেতা-কর্মী এ তথ্য জানান। জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সবাইকে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকে এক বোতল পানি ও শুকনা খাবার সঙ্গে নিয়ে রওনা দেবেন। এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবেই।’
জেলা বিএনপির সদস্য খোন্দকার আবদুল জব্বারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম। সদস্যসচিব শরীফুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম। অনিন্দ্য ইসলাম চুয়াডাঙ্গার প্রস্তুতি সভা ছাড়াও দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে আরও চারটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।











































