স্টাফ রিপোর্টার।।
ড্রেনের সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় সোনাডাঙ্গা আবাসিক এলাকার দু’শতাধিক পরিবার প্রায় দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ড্রেন সংস্কারে সংশ্লিষ্ট খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতার খেসারত দিতে হচ্ছে ভুক্তভোগীদের। বিদ্যুৎ বিভাগের কাছে অভিযোগ দিলে তারা বলছেন, আপনারা সিটি কর্পোরেশনে কথা বলেন। মূলত দুই সংস্থার সমন্বয়নহীনতা ও টানটানিতে পড়ে অবর্ণণীয় ভোগান্তি পোহাচ্ছেন সহস্রাধিক মানুষ।
সোনাডাঙ্গা ক্রসরোড (নিউমার্কেট গীর্জা সড়ক) এলাকার বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিটি কর্পোরেশনে ড্রেনেজ সংস্কার কাজের কর্মীরা ড্রেন খুড়তে গেলে তাদের দায়িত্বজ্ঞানহীনতায় বিদ্যুতের দুটি খুঁটি হেলে পড়ে। এতে খুঁটিতে বাঁধা ট্রান্সমিটার খুলে পড়ে যায়। এতে ওই ট্রান্সফরমারের অধীন দুইশ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অবর্ণণীয় ভোগান্তিতে পড়েন মানুষ। সারা রাত বিদ্যুৎহীন অবস্থায় কাটানোর পর বুধবার সারাটা দিন একই পরিস্থিতি চলে।
বিদ্যুৎ না থাকায় পানিশূণ্য হয়ে পড়ে প্রতিটি পরিবার। ফ্রিজের খাবার নষ্ট হওয়ার উপক্রম হয়। মোবাইল চার্জিং সহ ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থমকে যায়। বয়স্ক রোগী ও শিশুরা সবচেয়ে সংকটে পড়েন। রান্নার কাজে সংকটে পড়েন গৃহিনীরা। টয়লেট ব্যবহার করতে না পেরে অনেকে বাধ্য হন নিকটস্থ আত্মীয় স্বজনের বাসায় যেতে।
বিকেল পাঁচটায় ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, সিটি কর্পোরেশনের ড্রেন সংস্কার কাজে নিয়োজিত কর্মীদের গাফিলতির কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। ্ বিষয়ে কথা বলার জন্য কর্পোরেশনর সংশ্লিষ্টদের সাথে সারাদিন একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। অবশেষে বিকেলে তারা এসেছেন। এখন আলোচনা চলছে। সমাধান হলেই বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হবে।
এদিকে ভুক্তভোগীরা বলেছেন, নগর জুড়ে নানা উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজে সমন্বয় না থাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া, পানির লাইন কেটে যাওয়া, টেলিফোনের ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে। ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারন। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতা সেই ভোগান্তিকে বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।










































