ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুয়াবিয়া হোসেনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি যশোরের চৌগাছা উপজেলার শিশুতলা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলা শহরের সভার সলেমানপুর এলাকা থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ওই মামলার পৃথক ২টি ধারায় ১০ ও ৭ বছর করে মোট ১৭ বছর কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ইসমাইল হোসেন বাদশা।











































