Home আঞ্চলিক বিএনপি সমাবেশ ঘিরে খুলনায় ২১ ও ২২ অক্টোবর গণপরিবহন বন্ধ ঘোষণা

বিএনপি সমাবেশ ঘিরে খুলনায় ২১ ও ২২ অক্টোবর গণপরিবহন বন্ধ ঘোষণা

3

স্টাফ রিপোর্ট
খুলনায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ রুখতে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব। তিনি বলেন, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মলিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সাথে একাত্বতা প্রকাশ করেছি।’

এদিকে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন খুলনা শহরের ডাকবাংলা ও ফেরীঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা দাবী করেছেন তাদের সমাবেশ বানচাল করতে সরকারের চাপে বাস মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে। খুলনা মহানগরীর বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে গণ পরিবহন বন্ধ করা হবে, এটা আমরা পূর্বেই ধারণা করেছিলাম। বিষয়টি মাথায় নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি।

বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যেকোন ভাবে সমাবেশ আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগেই এসে খুলনা শহরের হোটেল ও নিকট আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন। সরকারের সকল বাধা উপেক্ষা করে গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে বলে আমরা আশাবাদি।’ প্রসঙ্গত, খুলনা থেকে প্রতিদিন গড়ে এক হাজার ২০০টি বাস সারাদেশের ১৮ টি রূটে চলাচল করে।