Home আঞ্চলিক ভাতার কার্ড হাতে সেই বৃদ্ধার পাশে সমাজসেবা কর্মকর্তা

ভাতার কার্ড হাতে সেই বৃদ্ধার পাশে সমাজসেবা কর্মকর্তা

10

দৈনিক খুলনাঞ্চল-এ সংবাদ প্রকাশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

‘৯৫ তেও জোটেনি ভাতা!’ শিরোনামে পাঠকপ্রিয় দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় যশোরের মণিরামপুরের হাছিনা বেগমকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় রোববার (৩ মে)। প্রকাশিত সংবাদটি হিঁড়িক ফেলে চারদিকে। সমালোচিত হন স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কর্মকা-। একইসাথে প্রকাশিত সংবাদটি নজরে আসে উপজেলা প্রশাসনসহ উপজেলা সমাজ সেবা অফিসের। সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সেই বৃদ্ধাকে অফিসে ডেকে রোববার (৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে ভাতার কার্ড হাতে তুলে দেন মণিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

চলতি মাসেই তিনি ছয় মাসের অগ্রিম ভাতা তিন হাজার টাকা পেতে পারেন। অথবা কয়েকমাস পরে একসাথে এক বছরের ভাতা ছয় হাজার টাকা পাবেন।

ভাতার বই হাতে পেয়ে মহা খুশি দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা হাছিনা বেগম।

বৃদ্ধার একমাত্র অবলম্বন ভ্যান চালক ছেলে রফিকুল ইসলাম বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আপনাদের (গণমাধ্যম কর্মী) মাধ্যমে আমার মায়ের শেষ বয়সে একটা গতি হয়েছে। এতবছর ধরে মা’র একটা কার্ডের জন্যি কতবার যে চেয়ারম্যান-মেম্বরের পিছনে হাঁটিছি। কেউ কিছু দিইনি। সবাই টাকা চায়।

মো. রোকনুজ্জামান বলেন, সংবাদটি ফেসবুকে দেখা মাত্র রোহিতা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজ সেবা কর্মী সাধনা অধিকারীর সাথে কথা বলি। এরপর স্থানীয় ইউপি সদস্য আমিনুল হাসান শিল্পির মাধ্যমে ওই বৃদ্ধাকে অফিসে আসতে বলি। এরপর ভাতার কার্ড তার হাতে তুলে দিই।

হাছিনা বেগম উপজেলার রোহিতা ইউপির সরসকাঠি গ্রামের মৃত আলেক গাজীর স্ত্রী। বহু বছর আগে তিনি স্বামীকে হারিয়েছেন। এরপর দুই ছেলে থাকতেও অন্যের বাড়ি কাজ করতেন তিনি। পরে বড় ছেলে ভ্যানচালক আব্দুল খালেকের কাছে থেকেছেন কিছুদিন। কয়েক বছর আগে বড় ছেলে অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে নানা রোগব্যাধি নিয়ে ছোট ছেলে রফিকুল ইসলামের সংসারে পড়ে আছেন হাছিনা বেগম।