Home আঞ্চলিক ‘চুরি’ করতে গিয়ে ঘুম, তরুণকে পুলিশ দিল স্থানীয়রা

‘চুরি’ করতে গিয়ে ঘুম, তরুণকে পুলিশ দিল স্থানীয়রা

8

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে সহযোগীদের সাথে মিলে ‘চুরি’ করতে যেয়ে ঘুমিয়ে পড়ে এক তরুণ। পরে স্থানীয়রা তাকে আটক করে।

শুক্রবার মধ্যরাতে উপজেলা সদরের সোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের চিংড়ি মাছের ঘেরে এই ঘটনা ঘটে।

আটক ওই তরুণের নাম জাহাঙ্গীর হোসেন (২৪)। তিনি উপজেলার বাদঘাটা গ্রামের আবুল হোসেনের ছেলে। আটকের পর স্থানীয় জনতা তাকে শ্যামনগর থানায় সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, জাহাঙ্গীরসহ তিন তরুণ শুক্রবার রাতে সোয়ালিয়া গ্রামের বিভিন্ন চিংড়ি ঘেরে মাছ চুরি করতে যায়। কয়েকটি ঘের থেকে মাছ নেওয়ার পর দুই সহযোগী অন্যান্য ঘেরে নেমে গেলেও ক্লান্ত জাহাঙ্গীর আব্দুর রাজ্জাকের ঘেরের আইলের উপর ঘুমিয়ে যায়। এসময় পাহারার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছলে অপর দুই সহযোগী পালিয়ে গেলেও জাহাঙ্গীর মাছসহ হাতেনাতে আটক হয়।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, চুরির দায়ে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।