Home আঞ্চলিক খুলনায় ট্রিপল মার্ডার মামলার তদন্তভার পিবিআইতে

খুলনায় ট্রিপল মার্ডার মামলার তদন্তভার পিবিআইতে

9

স্টাফ রিপোর্টার।।
খুলনা কয়রা উপজেলার বামিয়া গ্রামে ট্রিপল মার্ডার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ নির্দেশনা প্রদান করেন।

বাদী নিহত হাবিবুল্লাহর মা মোছা. কহিনুর খানমের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়। বাদী পক্ষের আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী আদালতে অভিযোগ করেন, থানা পুলিশ ও ডিবির তদন্ত কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে গিয়ে তার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বা হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে এই হত্যা মামলায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি বাতিলের আবেদন করেছেন আসামি আব্দুর রশিদ এবং সাইফুল ইসলাম বাবলু। তারা জানিয়েছেন, জোর করে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়েছে, তারা স্বেচ্ছায় জবানবন্দি দেননি। আবেদন গ্রহণ করে ৩০ অক্টোবর তাদেরকে সশরীরে হাজির করে শুনানির দিন ধার্য করা হয়েছে। বর্তমানে দু’জনই কারাগারে আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে ২৫ অক্টোবর রাতে বামিয়া গ্রামে হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি বেগম ও মেয়ে হাবিবা সুলতানা টুনিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। হত্যার ঘটনায় কয়রা থানায় ২৬ অক্টোবর মামলা হয়।