Home আঞ্চলিক সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় স্টার সি ফুডের মালিক কারাগারে

সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় স্টার সি ফুডের মালিক কারাগারে

14

স্টাফ রিপোর্টার।।
খুলনায় সোনালী ব্যাংক করপোরেট শাখার সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স স্টার সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষের আরও দুই আইনজীবী লুৎফুল কবির নওরোজ ও সেলিম হাওলাদার উপস্থিত ছিলেন।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা যায়, গোডাউনে মাছ না রেখে ভুয়া প্লেজ দেখিয়ে সোনালী ব্যাংকের ১৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে মো. সালাউদ্দিন আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ২০২১ সালের ১১ আগস্ট দুদক খুলনার উপ-পরিচালক মো. শাওন মিয়া বাদি হয়ে মামলা করেন।

মামলায় মো. সালাউদ্দিনসহ সোনালী ব্যাংকের গোডাউন কিপার আব্দুল মান্নান হাওলাদার ও গ্রেড-২ অফিসার আব্দুর রহমান বাবুকে আসামি করা হয়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলার মূল আসামি সালাউদ্দিন উচ্চ আদালত থেকে বিভিন্ন সময়ে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি মহানগর দায়রা বিশেষ জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠান।