নিজস্ব সংবাদদাতা, বেনাপোল।।
দীর্ঘ ১০ মাস পর বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার বিকেল থেকে শুরু হয়েছে চাল আমদানি। আজ বিকেলে ৫১২ টন চালের চালান প্রবেশ করেছে বেনাপোল বন্দরে ।
রোববার (১৭ জুলাই) প্রতি মেট্রিক টন চাল ৩৪০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বেলাল হোসাইন ও মেসার্স লিপু এন্টারপ্রাইজ চিকন চাল আমদানি করেন।
বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ মোটা চাল প্রতি টন ৩৮০ মার্কিন ডলারে ও চিকন চাল প্রতিটন ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাশ প্রদান করছেন। আমদানি মূল্যের ওপর ২৭ দশমিক ৫০ শতাংশ শুল্ককর হিসাবে প্রতি কেজিতে ৯ টাকা ৯০ পয়সা আমদানি শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মো: মতিয়ার রহমান জানান, দেশে উৎপাদিত চালের বাজার মূল্য নিশ্চিত করতে গত বছরের ৩১ আগষ্ট ভারতীয় চাল আমদানি বন্ধ করে দেয় সরকার। বর্তমানে দেশে বিভিন্ন স্থানে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতিতে বেড়ে যায় চালের মূল্য। চালের বাজার স্বাভাবিক রাখতে খাদ্য মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে গত ৩০ জুন দেশের ৯৫ জন আমদানিকারককে ভারত থেকে ৪ লাখ ৯ হাজার মোট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান জানান, চাল আমদানির অনুমতির মধ্যে ৩ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। ২১ জুলাইয়ের মধ্যে চালের এলসি খোলা সম্পন্ন ও ১১ আগস্টের মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত শেষ করতে নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সাধারণ ক্রেতা হাফিজুর রহমান জানান, দেশি স্বর্ণা মোটা চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় চাল আমদানি শুরু হওয়ায় দেশীয় বাজারে কমবে চালের দাম।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী জারিন এন্টারপ্রাইজের মালিক আজিম উদ্দিন জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের বঁনগা কালিতলা পার্কিংয়ে ১৭ দিন সিরিয়ালে আটকা ছিল চালের চালান গুলো। সরাসরি চালের ট্রাক বন্দরে প্রবেশ করলে চাল দ্রুত খালাশ করা সম্ভব হবে। ফলে দেশের বাজারে দাম অনেকটা কমে আসবে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৪ ট্রাকে ৫১২ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল বন্দর থেকে দ্রুত খালাশ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।











































