খুলনাঞ্চল রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় বেপরোয়া বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, পিকআপভ্যান কেড়ে নিল দুই পরিবারের পাঁচজনসহ ৩২ জনের প্রাণ। টাঙ্গাইলে বাসচাপায় মা ও দুই সন্তানসহ আটজন, বগুড়ায় প্রাইভেটকারের সঙ্গে মিনিট্রাক সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন; সিরাজগঞ্জে ভুল লেনে গিয়ে ট্রাক-বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া এদিন পুলিশ সদস্য, ছাত্রদল নেতা ও শিশুসহ আরও ১৭ জন নিহত হন। এদিকে কুষ্টিয়ায় চলন্ত বাইকে ফোন রিসিভ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় পা হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের।
টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক স্থানে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও নয়জন। গতকাল পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় পারভিন আক্তার ও তার দুই শিশুসন্তানকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন উপজেলার বাঁশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)। একই দিন ভোরে মহাসড়কের দুল্যা মনসুর নামক স্থানে ঢাকাগামী দাঁড় করিয়ে রাখা একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছু সময় ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। অপরদিকে বাসযোগে মঞ্জুরুল ইসলাম ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পার হয়ে পূর্বপাড়ে পৌঁছালে তিনি টয়লেট সারতে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। মঞ্জুরুল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ধফাদারপাড়ার এলাকার আমির উদ্দিনের ছেলে।
কাহালু (বগুড়া) : বগুড়ায় প্রাইভেটকারের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাবা-ছেলেসহ চারজন নিহত হন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর কালিকাপুর এলাকার সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর ধামইরহাটের তানছের আলী ও তার ছেলে টগর আলী, মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান এবং প্রাইভেটকারচালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন। এতে শাকিল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুরে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দম্পতি মারা গেছেন। গত শুক্রবার রাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। গতকাল বেলা ১১টায় এইসব তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম। এছাড়া দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয়ও মিলেছে।
রাজধানী : কারওয়ানবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন আরিয়ান ইব্রাহিম বিশ^াস নামে এক তরুণ। ইব্রাহিম পুরান ঢাকার নাজিরাবাজারে ‘বোখারী রেস্তোরাঁয়’ ম্যানেজার হিসেবে তিনি কাজ করতেন। গতকাল ভোরে রেস্তোরাঁর কাঁচামাল কিনতে কারওয়ানবাজারে রিকশায় যাওয়ার সময় বাস তাকে চাপা দেয়।
নিহতের সহকর্মী মো. আবদুল্লাহ জানান, নিহতের মামা কবির হোসেনের পুরান ঢাকার রেস্তোরাঁ ভবনেই থাকতেন ইব্রাহিম। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সান্টু বিশ্বাসের ছেলে। দেড় বছর ধরে রেস্তোরাঁয় কাজ করতেন। হোটেলের কাঁচামাল কিনতে গতকাল ভোরে রিকশা নিয়ে একাই কারওয়ানবাজার যাচ্ছিলেন। কারওয়ানবাজারের কাছাকাছি পান্থকুঞ্জের সামনে একটি বাস তাকে চাপায় দিলে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ, তার চাচি বকুল বেগম এবং সিএনজিচালক রব্বান মিয়া।
সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলায় ভুল লেনে গিয়ে দাঁড়ানো ট্রাকসহ দুটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। নিহতরা হলেন শেরপুর জেলার মাঝপাড়া থানার গোলাম রাব্বানীর ছেলে মনিরুজ্জামান মনির ও নরসিংদীর মনোহরদি থানার কেরানিনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় এক পুলিশসহ অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। গতকাল সকালে সদর উপজেলার উজানিসার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক চাঁন মিয়া ও অটোরিকশা যাত্রী কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন। এ সময় নিহত বিল্লালের ভাতিজা শাকিল মিয়া, শাকিলের স্ত্রী মিতু বেগম ও মা শিরিন বেগম এবং পুলিশ কনস্টেবল হাসিবুল হোসেন আহত হয়েছেন।
চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভুজপুরে পিকআপভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শারমিন আক্তার নামে এক নারী নিহত হন। এ সময় তিনজন আহত হন। গতকাল সকাল পৌনে ৮টার দিকে মির্জারহাটের দক্ষিণে কোর্টবাড়িয়া এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে। শারমিন ভুজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরের স্ত্রী।
ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন নামে এক কৃষক নিহত হন। এ ছাড়া আহত হন আরও চারজন। গতকাল সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোকমান ওই উপজেলার খোসালপুর গ্রামের রুস্তম আলী বিশ্বাসের ছেলে।
সাভার (ঢাকা) : আশুলিয়ায় যাত্রীবাহী ‘আলী নুর’ পরিবহনের তিন বাসের রেষারেষিতে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় সিএনজিতে থাকা আহত এক বছর বয়সী শিশু আতকিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মো. রনি ও তার স্ত্রী নাছিমা বেগমসহ আরও দুজন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে বিকাল ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতকিয়ার টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো. রনির মেয়ে।
ইবি (থানা) : চলন্ত মোটরসাইকেলে ফোন কল রিসিভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকের সামনের অংশের সঙ্গে বাইকের ধাক্কা লাগে এবং মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। এতে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে ও মাথায় এবং হাতে গুরুতর জখম হয়। আহত ছাত্রের নাম মাজহারুল আবেদীন রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নীলফামারী : জলঢাকার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা শান্তিনগর বাজারে গতকাল সকালে ট্রাকচাপায় আজিজুল হক নামে এক ভ্যানচালক নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জলঢাকা উপজেলার আরাজি কাঠালি বালাপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
রাজশাহী : মোহনপুর উপজেলায় বাসচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হন। এই দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা গুরুতর আহত হন। গতকাল দুপুরে উপজেলার সাঁকোয়ায় টার্নিং পয়েন্টে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম জুয়েল রানা। তিনি নওগাঁর মান্দা উপজেলার নয় নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
দিনাজপুর : খানসামায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল দুপুর ১টার দিকে খানসামা ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। জাকির খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের তফসের আলীর ছেলে।
কুমিল্লা : লালমাই উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাঁশিবাদক মনির হোসেন নিহত হন। এ সময় আহত প্যাডবাদক বোরহান উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল ভোরে উপজেলার হরিশ্চর এলাকার কুমিল্লা-নোয়খালী মহাসড়কে এ দুর্ঘটনা। মনির জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। মনির ও বোরহান দুজনই দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লার সদস্য।
প্রতিবেদক তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন হামিদ উল্লাহ চট্টগ্রাম ব্যুরো, আমজাদ হোসেন শিমুল রাজশাহী ব্যুরো, প্রদীপ মোহন্ত নিজস্ব প্রতিবেদক বগুড়া, সাইয়িদ মাহমুদ পারভেজ নিজস্ব প্রতিবেদক কুমিল্লা, মো. জাহিদুর রহমান নিজস্ব প্রতিবেদক সাভার, দীপক চৌধুরী বাপ্পী নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল টাঙ্গাইল, মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জ, রতন সিং দিনাজপুর, রেজাউল করিম রঞ্জু নীলফামারী, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ঝিনাইদহ, আবুল হাসান গাজীপুর।










































