Home আঞ্চলিক জবাই করা দুটি গর্ভবতী হরিণ উদ্ধার

জবাই করা দুটি গর্ভবতী হরিণ উদ্ধার

24

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলা থেকে জবাই করা দুটি গর্ভবতী হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে উপজেলার সুতারখালী পশ্চিমপাড়া গ্রামের সিদ্দীক গাজীর বাড়ি থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

সিদ্দীক গাজী ওই গ্রামের মৃত আফসার গাজীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবনের খুলনা রেঞ্জের সুতারখালি ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার শেখ আসাদুর রহমান।

তিনি বলেন, শুক্রবার রাতে বনের অভ্যন্তরে নিয়মিত টহল চলছিল। তখন সুতারখালী খালে একটি ফাঁকা নৌকা দেখা যায়। নৌকায় তল্লাশি চালিয়ে রক্তের দাগ দেখা যায়। সেই সময়ে তারা নদীর চর থেকে মানুষের পায়ের ছাপ দেখে গ্রামের রাস্তায় এগিয়েও কিছু রক্ত দেখা যায়। তখন সন্দেহ হয়, গ্রামের কেউ হয়তো বন থেকে হরিণ শিকার করেছে।

তিনি আরও বলেন, সারা রাত খোঁজ করার পর নিশ্চিত হওয়া যায় সিদ্দীক গাজীর বাড়িতে জবাই করা হরিণ নেওয়া হয়েছে। সকাল ৭টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সবাই পালিয়ে যান। সেখান থেকে জবাই করা দুটি হরিণ উদ্ধার করা হয়। এর মধ্যে একটির পেট কেটে বাচ্চা বের করা হয়েছে। অন্য হরিণটিও গর্ভবতী, তবে তার পেট কাটা হয়নি। হরিণ দুটির ওজন প্রায় ৪০ কেজি। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।