Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

17

যে কারণে ধ্বংস করা হলো ১ টন চিংড়ি

যশোর অফিস

এক টন চিংড়ি জব্দ করে তা ধ্বংস করেছে র‌্যাব -৬ যশোর ক্যাম্পের সদস্যরা। অপদ্রব্য পুশ করা ট্রাকভর্তি চিংড়ি মাছ শনিবার গভীর রাতে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নাজিউর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি মাছ বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর শনিবার রাতে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাক আটক করে পরীক্ষা করা হয়। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে চিংড়ি মাছের মালিক যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, যশোর জেলা মৎস্য অফিসার সাইদুর রেজা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত চিংড়ি মাছ উপস্থিত জনগণের সম্মুখে ধ্বংস করা হয় বলে লে. কমান্ডার নাজিউর রহমান জানান।

 

 

 

নড়াইল সদর থানার ওসি প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতেই তাকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

 

ওসি মোহাম্মদ শওকত কবীর মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন। শনিবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন।

 

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় গণমাধ্যমকে জানান, খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। শনিবার রাতেই শওকত কবীরকে সদর থানা থেকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কী কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ সুপার।

 

গত ১৭ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়। এতে ধর্ম অবমাননার অভিযোগ তোলেন ওই কলেজের ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একই ধর্মের হওয়ায় তাকে সাপোর্ট দিচ্ছে- এমন অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কলেজছাত্রের সঙ্গে আটক করা হয় অধ্যক্ষকে। ওই দিনই থানা হাজত থেকে অধ্যক্ষকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

 

এ ঘটনায় সোমবার দুপুরে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোরছালিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করে নড়াইল থানায় মামলা করেন। মামলা করার পর সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দলের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

পুলিশের সামনেই নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ওই কলেজের এক ছাত্রের গলায় জুতার মালা পরানোর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

 

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহবায়ক করা হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের চৌধুরীকে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন-জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান ও সদর থানার ওসি শেখ শওকত কবীর।

 

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে আহবায়ক করে পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ডিআই ওয়ান মীর শরীফুল হক ও পুলিশ পরিদর্শক (অপরাধ) রফিকুল ইসলাম। শনিবার রাত সাড়ে ৮টায় তদন্ত কমিটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে প্রতিবেদনটি জমা দেয়।

 

 

 

 

ট্রাক্টরচাপায় প্রাণ গেল মেধাবী ছাত্রের

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বালুভর্তি ট্রাক্টরচাপায় বাইসাইকেল আরোহী মো. আলামিন হোসেন লিখন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনাগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলামিন উপজেলার দর্শনা পৌরসভার তালবাগান এলাকার মো. আশরাফুল হকের ছেলে ও মেমনাগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার রোল নম্বর ছিল ১।

 

স্থানীয়রা ট্রাক্টরটি আটকে দিলে ঘাতক চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল আলামিন। এ সময় রামরাগর রাহাত ডেকোরেটরের সামনে পৌঁছলে তার সাইকেলের চেইন পড়ে যায়। তখন সে সাইকেল থেকে নেমে চেইন তুলছিল।

 

এ সময় দর্শনার দিক থেকে দ্রুতগতিতে আসা দর্শনা এন্টারপ্রাইজ নামের একটি বালুভর্তি ট্রাক্টর তাকে চাপা দিয়ে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলে সে নিহত হয়।

 

 

 

পদ্মা সেতুতে যান চলাচল: খুলনা-ঢাকা রুটের ট্রেনে কমেছে যাত্রী

স্টাফ রিপোর্টার

পদ্মা সেতু চালুর পর রাজধানীতে যাওয়া-আসায় খুলনার মানুষের মূল আগ্রহ এখন সড়কে। এতে যাত্রী কমেছে খুলনা-ঢাকা রুটের ট্রেনে। আগে যেখানে খুলনা থেকে কোনো আসনই খালি থাকত না, এখন সকালের ট্রেনে প্রায় অর্ধেক আসনেই যাত্রী মিলছে না। গত কয়েক ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিশেষ ট্রেন দেওয়া হলেও এবার তাও থাকছে না।

খুলনার বাসিন্দারা জানান, পদ্মা সেতু চালুর আগে খুলনা থেকে বাসে ঢাকায় যেতে লাগত ৮ থেকে ১০ ঘণ্টা। ফেরি অথবা লঞ্চ পারাপারে চরম দুর্ভোগও পোহাতে হতো। এ কারণে অনেকে ট্রেনে যাতায়াত করত। তবে এতেও সময় লাগে ৭ থেকে ৮ ঘণ্টা। পদ্মা সেতু চালুর পর বাসে আর সেই দুর্ভোগ নেই। এখন খুলনা-ঢাকা যাতায়াতে লাগছে মাত্র ৪ ঘণ্টা। এ কারণে বেশির ভাগ যাত্রীই বাসে আসা-যাওয়া করছে। ট্রেনে আগের মতোই সময় লাগায় যাত্রী কমে গেছে।

 

খুলনা রেলস্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর শামীমুর রহমান জানান, খুলনা থেকে সকালে রাজধানীর উদ্দেশে চিত্রা এক্সপ্রেস ও রাতে সুন্দরবন এপপ্রেস ছেড়ে যায়। চিত্রা ট্রেনে খুলনা থেকে আসন রয়েছে ১৮৫টি। আগে কোনো আসনই ফাঁকা থাকত না। তবে পদ্মা সেতু চালুর পর ৭০-৮০টি আসন ফাঁকা থাকছে। অবশ্য সুন্দরবন এপপ্রেস ট্রেনের ১৫০টি আসনের সবগুলোই পূর্ণ হয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, প্রত্যেক ঈদেই যাত্রীদের চাপ বাড়ে। এ কারণে প্রতি বছর দুই ঈদে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেসের পাশাপাশি একটি স্পেশাল ট্রেন চালু করা হতো। তবে এবার বেশির ভাগ মানুষ পদ্মা সেতু হয়ে খুলনায় যাতায়াত করবে। এ কারণে কোনো ঈদ স্পেশাল ট্রেন দিচ্ছে না রেল কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া মালামাল খুলনায় উদ্ধার

মোংলা প্রতিনিধি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২৮৭টি বিশেষ অ্যালুমিনিয়াম টিন সিট খুলনা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৬। ভারত থেকে টিন সিটগুলো আমদানি করা ছিল। শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খুলনার বটিয়াঘাটা থানা এলাকা থেকে ওইসব মালামাল উদ্ধার করা হয়। রোববার (৩ জুলাই) দুপুরে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় র‌্যাব-৬ সর্বদা এর নিরাপত্তা ব্যবস্থাকে সুদূঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি সংস্থা র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ করেন যে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত হতে আমদানি করা কিছু অ্যালুমিনিয়াম টিন সিট চুরি হয়েছে।

 

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বিভিন্নস্থানে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। পরে জানতে পারে যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া অ্যালুমিনিয়াম টিন সিট একটি চোরচক্র খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় লুকিয়ে রেখেছে।

 

এর পর শনিবার (০২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক দলটি বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে চুরি হওয়া ২৮৭টি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম টিন সিট উদ্ধার ও জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। জব্দ করা মালামাল বটিয়াঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া জিআই পাইপ, বৈদ্যুতিক তার, সকেট উদ্ধারসহ চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনেছে র‌্যাব-৬।

 

 

খুলনার চুকনগরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়ার চুকনগর- যশোর মহাসড়কের নরনিয়া কাটাখাল (গুটলেতলা) নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল হোসেন (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১ টার দিকে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত বিল্লাল হোসেন যশোরের মনিরামপুর এলাকায় বাসিন্দা বলে জানাগেছে। এ সময় তার সাথে থাকা এক আরোহিও গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে বিল্লাল হোসেন ও অপর আরোহী চুকনগর থেকে মনিরামপুর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির কারনে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এসময় মোটরসাইকেল চালক বিল্লাল হোসেনের মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় অজ্ঞাত পরিচয় অপর আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ও খর্নিয়া চুকনগর হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। অপর আরোহীকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন।

 

 

বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি : শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে

।। খবর বিজ্ঞপ্তি।।

সম্প্রতি দেশে শিক্ষক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থ বিনাভোটের সরকার জাতির মেরুদন্ড শিক্ষক সমাজের নিরাপত্তা দিতে পারছে না। শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। রবিবার (৩ জুন) প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের ওপর নির্যাতন ক্রমেই বেড়ে চলছে। গত ১৮ জুন নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে গলায় জুতার মালা পরানো হয়েছে। এই ঘটনার রেশ যেতে না যেতেই ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দশম শ্রেণির শিক্ষার্থী। আহত উৎপল কুমার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৮ জুন কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি এর লার্নিং সেন্টারে কর্মরত ডেইজি বড়ুয়া নামের এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে রোহিঙ্গা যুবক। এসব ঘটনা খুলনা মহানগর বিএনপি গভীরভাবে ভারাক্রান্ত, মর্মাহত এবং ক্ষুব্ধ। বিবৃতিতে নেতৃবৃন্দ ন্যাক্কারজনক শিক্ষক নিগ্রহের পিছনে ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে দেশজুড়ে ঘটে যাওয়া এসব অপরাধ মূলক ঘটনায় ও দুর্বৃত্তদের কর্মকাণ্ডের সহিত জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি প্রদানে দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

 

বাংলাদেশ বেতার খুলনায় ইন্দ্রজিতের ডুয়েট গান

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রজিৎ ঘোষের কথায় ও বাংলাদেশ বেতার খুলনার মূখ্য সঙ্গীত প্রযোজক প্রদীপ রাহার সুর ও সঙ্গীত পরিচালনায় রবিবার দুপুর ৩ টায় বাংলাদেশ বেতার খুলনায় রেকর্ড করা হয় সাতক্ষীরার পাটকেলঘাটার বিশিষ্ট কন্ঠশিল্পী ইন্দ্রজিত ও খুলনার জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনার একটি দ্বৈত গান। এ বিষয়ে গীতিকার প্রজিৎ ঘোষ বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত এ কারণে যে, ইন্দ্রজিতের মত কন্ঠশিল্পী আমার লেখা গান করলেন। এছাড়া প্রদীপ রাহা গানটিতে দারুণ সুরারোপ করায় গানটি এক অন্যরকম মাত্রা পেয়েছে। কন্ঠশিল্পী ইন্দ্রজিত বলেন, প্রজিৎ দা দারুণ গান লেখেন। রোমান্টিক ধাচের এ গানটি উনার এক অপূর্ব লেখনি। এছাড়া গানটিতে প্রদীপ রাহা  সময় উপযোগী সুর করায় শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি। আমার সাথে আমার কো আর্টিস্ট সাবিনা চমৎকার গেয়েছে। এর আগে এই দুই শিল্পী খুলনা বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাত সতেরো’ তে নব্বই দশকের একটি চলচিত্রের গান করে সঙ্গীত বিভাগের সকল কলা কুশলী ও দর্শক শ্রোতাদের মন জয় করেছিলেন।

 

বিএনপি নেতা মীর কায়সেদ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর চোখের অপরেশন শনিবার রাজধানির একটি হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং বিএনপি নেতা আফছার শেখ আদ্বদিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি নেতা মীর কায়সেদ আলী, আফছার শেখ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খানজাহান আলী থানা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল এর উদ্যোগে রবিবার (৩ জুলাই) বিকাল ৫টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট ও সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে বন্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

খানজাহান আলী থানা যুবদল নেতা মোল্লা সোলায়মান এর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ এর পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ফজলে হালিম লিটন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. সিরাজুল হক নান্নু, জাসাস খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, টিটো গাজী। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সি, আব্দুল জলিল হাওলাদার, আশরাফ ঢালী, আরিফুর রহমান মন্টু, জামাল হোসেন, গোলজার হোসেন, আনিছুর রহমান, হুমায়ুন কবির, শেখ আনোয়ার হোসেন, শেখ ফকরুল, খয়বার হোসেন, আজিজুর রহমান, ওবায়দুর রহমান, যুবদল নেতা রফিকুল ইসলাম সুজা, শহিদুল ইসলাম বাবু, মো. এনামুল কবির, ফয়সাল কবির বাবু, মো. মহাসিন, পলাশ, সলেমান  (ছোট), হাবিবুর, সেচ্ছাসেবক দল নেতা নাজমুল হুদা পলাশ, সুমন গাজী, মো. আবদুল্লাহ, মো. মিরাজ সিকদার, মো. লিটন শেখ ছাত্রদল নেতা মো. আকাশ, মো. রিয়াজ, মো. মুন্না, মো. মিরাজ, মো. বিল্লাল, মো. ফয়সাল, প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মো. আলী আকবার।

 

 

পাটকেলঘাটায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ আহত ১

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের সন্নিকটে গতকাল সকাল ১০ টার দিকে মালবাহী ১০ চাকার ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাক ও পিকআপ দুমড়ে মুচড়ে যায় এবং আহত হয় পিকআপ চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে খুলনা হতে ছেড়ে আসা অনটেস্ট পিকআপ যার নাম্বার নেই। অপরদিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া ট্রাক যার নাম্বার: ঢাকা মেট্রো-ট-১৫-৪৯২১। পাটকেলঘাটা কলেজের নিকট পৌছাইলে সাইড নেওয়া কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপের চালক গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে যার ফলে নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এঘটনার সংবাদ পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গাড়ি দুটি জব্দ করে।

 

 

বিদ্যুৎ বিভ্রাটে রামপালের জনজীবন অতিষ্ঠ -কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

রামপাল (বাগেরহাট)  সংবাদদাতা ।।

বাগরহাটের রামপাল উপজেলায় রাত দিন জুড়ে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জনজীবন কার্যত ব্যহত হচ্ছে। বিশেষ করে নামাজে দাড়ালেই বিদ্যুৎ নিয়ে যাওয়াটা এক রকম নিয়মেই পরিনত হয়েছে। নামাজের সময় বিদ্যুৎ নিয়ে যাওয়ায় মুসল্লিরা গরমে নামাজ পড়তে বিড়ম্বনা পোহাচ্ছেন। মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের কেউ কেউ নানা মন্তব্য করছেন।  বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানো হলেও কোন সুরাহা হয়নি। উপজলার ১০ ইউনিয়নের সাধারন মানুষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কর্মজীবিদের সাথে কথা বলে জানা গেছে বেশ কিছুদিন ধরে এ উপজলার সর্বত্রই ঘন ঘন  বিদ্যুৎ চলে যাওয়াটা এখন নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। দিন রাত সমান তালে বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে দেড় /দুই ঘণ্টার আগে দেখা মিলছেনা। কোন কোন সময় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে কয়েক ঘণ্টা কেটে যায়। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিমায়িত মাছ ব্যবসায়ী, স্বাস্ব্য সেবা কেন্দ্র, আর্থিক প্রতিষ্ঠানের বেশি ক্ষতি হচ্ছে। উপজেলার ফয়লাহাট, ভাগা, গৌরম্ভা, ঝনঝনিয়া, বাবুরবাড়ি, গিলাতলা, পেড়িখালি সহ বিভিন্ন এলাকায় হিমায়িত চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ বেচাকেনা হয়ে থাকে। বিদ্যুতের লোড সেডিংয়ের কারণে বরফ উৎপাদন ব্যহত হচ্ছে। আর এ কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বিভিন্ন এলাকায় বেসরকারি স্বাস্ব্য সেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের অনলাইনে সব আদান প্রদান করা যাচ্ছেনা। বিভিন্ন হাট বাজারে গুরুত্বপুর্ণ স্থানের দোকান, হোটল রেস্টুরেন্ট, রেফ্রিজারেটরে সংরক্ষন করা খাদ্য পণ্য, বিভিন্ন কোম্পানির জীবনদায়ী ঔষধ, কোমল পানীয় ও আইসক্রিম দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংরক্ষন করা কঠিন হয়ে পড়ছে।

ফয়লাহাট ও তার আশ পাশের কয়েকটি এলাকায় গভীর নলকুপ থেকে পাইপ লাইনের সাহায্য মোংলা বন্দর, ইপিজেডসহ বিভিন্ন এলাকায় খাবার পানি সরবরাহ করা হয়। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। সামনে এসএসসি পরীক্ষা। বিদ্যুৎ  বিভ্রাটে পরীক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে। কুরবানি সামনে রেখে সাধারন ব্যসায়ীরা বেচা কেনা নিয়ে ব্যস্ত থাকলেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তারা বিপাকে পড়ছেন। একজন ফার্মেসী মালিক বলেন কিছু কিছু ঔষধ ফ্রিজে রাখতে হয়। দীর্ঘক্ষন বিদুৎ না থাকলে ওই সব ঔষধের গুনাগুন ভালো নাও থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন । কখনও মাগরিব, কখনও এশা, কখনও জোহর এমনকি জুম্মার  নামাজের আগেও বিদ্যুৎ নিয়ে যাওয়ায় মুসল্লিরা ক্ষুদ্ধ হচ্ছেন। মুসল্লিরা বলেন গরমে বিদ্যুৎ না থাকলে নামাজ পড়তে কষ্ট হয়।  বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সমালোচনা করে তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা ঘরে ঘরে বিদ্যুৎ। শতভাগ বিদ্যুতায়নের ঘোষনাও তিনি দিয়েছেন। সেখানে এত ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কোন কারণ তারা খুঁজে পাচ্ছেন না। বিদ্যুৎ চলে যাওয়ার পর রামপাল পল্লী বিদ্যূতের জরুরী সেবার মোবাইল ফোনে কয়েক বার কল করার পর ভাগ্যক্রম কল রিসিভ করলে বলা হয় এখন লাড সেডিং চলছে। দেড়/ দুই ঘণ্টা পরে পাবেন।  বিদ্যুতের কি পরিমান ঘাটতি রয়েছে সে বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন রামপালে গ্রাহক অনুপাতে দিনের বেলায় ৫.২৩ মেগাওয়াট বিদ্যুতর চাহিদা রয়েছে। আর রাতে চাহিদা রয়েছে ৭.৪ মেগাওয়াট। ঘাটতি থাকায় বাধ্য হয় রাতে লোড সেডিং করতে হয়।

 

যশোরে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

যশোর অফিস।।

যশোরের অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের শোলবিঘা মাঠের পূর্ব পাশে  মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে  ওই এলাকার বাসিন্ধা সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি বলেন  মেহেগুনি বাগানের পাশ দিয়ে স্ত্রীকে সাথে নিয়ে যাবার দূঃ গন্ধ পেয়ে এগিয়ে যাই। এ সময় গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম দৈনিক খুলনাঞ্চলকে বলেন,  ওই নারীকে হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সারাদেশকে সবুজ শ্যামলে পরিনত করতে হবে: এমপি সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারাদেশকে সবুজ শ্যামলে পরিনত করতে হবে। দেশকে যারা ভালোবাসে তারা এদেশের মাটি ও মানুষকে নিয়ে কাজ করে। একারনে প্রতি বর্ষা মৌসুমে দলীয় নেতা-কর্মীরা সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। কিন্তু দেশের যারা মঙ্গল চাই না তারা শুধুমাত্র দেশের মধ্য অশান্তি সৃষ্টির লক্ষ্যে অরাজকতা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহনের পর থেকে দেশের অর্থনৈতিক মেরুদন্ড শক্ত করার দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকার বদ্ধ হয়েছেন। একারনে দলমত নির্বিশেষে তিনি উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন। তিনি আরও বলেন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিন পশ্চিম অঞ্চলের উন্নয়ন আরও একধাপ এগিয়ে এসেছে। এখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সকল স্তরের মানুষের সাথে রাজধানীর সর্ব প্রকার সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।তিনি আজ ৩ জুলাই রূপসা উপজেলা যুবলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগ নেতা ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন যুবলীগ নেতা নাসির হোসেন সজল, ব্রজেন দাস, হারুন মোল্যা আশিষ রায়, ফরিদ শেখ, বাদশা মিয়া, সাঈদুর রহমান ছগির, কামরুজ্জামান সোহেল, সুব্রত বাগচী, সরদার জসীম উদ্দীন, শফিকুর রহমান ইমন, শ,ম জাহাঙ্গীর, তাহিদ মোল্যা, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, তারেক ইকবাল আজিজ, রতন মন্ডল, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন,শারাফাত হোসেন উজ্জল, আরাফাত হোসেন সাকিব,হায়দার আলী,আশিক ইকবাল,আবুল করিম শেখ,মহিউদ্দিন মানিক নাহিদ জামান, ওয়ায়েসকুরুনী বাবু, ফারুক শেখ, সোহেল, আবু সালেহ লস্কর, জ্যাকি ইসলাম সজল,শোভন বর্দ্ধন, শাহাদুল, মেহেদী হাসান, হৃদয়, নাঈম, বায়জিদ শেখ, প্রমূখ।এরপূর্বে তিনি রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

 

নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট শুরু

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে পশুর হাটের শুভ সূচনা করেন।

 

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কেসিসি কর্তৃক পরিচালিত পশুর হাটটি এতদাঞ্চলের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনাই এর মূল কারণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, প্রতিবারের ন্যায় এবারও ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে চাই। এ লক্ষ্যে নির্ধারিত স্থানে পশু জবাই এবং যত্রতত্র পশুবর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। একই সাথে পরিচ্ছন্নতার বিষয়ে যেন কোন প্রকার ব্যত্যয় না ঘটে সেজন্য তিনি কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সিটি মেয়র শিশু ও প্রবীন ব্যক্তিদের হাটে আগমনের বিষয়ে নিরুৎসাহিত করেন এবং মাস্ক পরিধানসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালনের ওপর কঠোরভাবে গুরুত্বারোপ করেন।

 

হাট পরিচালনা কমিটির আহবায়ক কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন ও খুলনার এডিশনাল এসপি এস এম রাজু আহমেদ। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও মেমোরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচালনা কমিটির সদস্য সচিব কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মোঃ গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, সচিব মো: আজমুল হক এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুন কান্তি মন্ডল, কেসিসি’র সিনিয়র ভেটেরিনারি অফিসার ডা. মো: রেজাউল করিম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, বাজার সুপার এম.এ মাজেদ মোল্লা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

কেসিসি পরিচালিত কোরবানির পশুর হাটে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে হাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ সিসি ক্যামেরা স্থাপন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ বুথ ও ব্যাংক বুথ স্থাপন এবং কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাটে আগতদের চিকিৎসা ও পশু চিকিৎসার ব্যবস্থা, খাবার হোটেল, পাবলিক টয়লেটসহ সকল সুব্যবস্থা রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা এবং হাটের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিন সকাল পর্যন্ত হাট চলমান থাকবে।

 

 

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় ২ ডাকাত আটক: গাছ কাটা করাত ও হাসুয়া উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ২ ডাকাত সদস্যকে আটক ও ডাকাতিতে ব্যবহৃত গাছ কাটা করাত ও ধারালো হাসুয়া দা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো জেলার বিভিন্ন জেলায় ৪ ডাকাতি মামলার আসামী শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৪৫) ও একই উপজেলার সাতগাছী গ্রামের আলম হোসেন (৪৫)। তাদেরকে আটকের পর রোববার দুপুরে কালীগঞ্জ থানাতে এক প্রেস ব্রিফিং করেন ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২১ জুন ভোর রাতে কালীগঞ্জে যশোর -ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর নামক স্থানে মহাসড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সে সময়ে ট্রাক চালক সিরাজুল ইসলাম (৪৪) কে কুপিয়ে জখমের পর ৪০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় ওই ট্রাকের মালিক তরুন সাহা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়ে উঠে।

ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গত ১ জুলাই এক পুলিশী অভিযানে কুখ্যাত ডাকাত শৈলকুপার হাজামপাড়ার গ্রামের বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একই উপজেলার সাতগাছী গ্রামের আলম হোসেন আটক হয়। পরে তারা আদালতে ওই ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। পুলিশ জানায়, আটক ওই ২ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতির মামলা রয়েছে।

উল্লেখ্য, আটককৃতরা ২০১৮ সালে কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়াতে ইসলামী বিশ^বিদ্যালয়ের ভিসির গাড়ীতে ডাকাতিতে নিজেদের সংশ্লিষ্টার কথাও স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

ডুমুরিয়ায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মশিয়ার রহমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শনিবার রাতে উপজেলার কাঞ্চনপুর মাহমুদ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসএম হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সন্ধ্যায় ঘটনা¯’লে অভিযান চালিয়ে মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার ইনছার আলি মাহমুদ’র ছেলে মাদক ব্যবসায়ী মশিয়ার রহমান কে আটক করে। এরপর তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে এবং আসামি কে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

বন্যার্তদের ত্রাণ সহায়তায় ডুমুরিয়া উপজেলা বিএনপি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে সিলেট সহ দেশের বিভিন্ন ¯’ানে বন্যার্ত মানুষের ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপির’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় উপ¯িহত ছিলেন যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, মাষ্টার আইয়ুব আহমেদ, শহিদুল ইসলাম মোড়ল, সরদার মোজাফফর হোসেন, আবু জাফর খান, মাষ্টার সেলিম হালদার, শাইকুল ইসলাম, সরদার আঃ সালাম, আশরাফ হোসেন, আঃ মজিদ জোয়াদ্দার, শাহীন আলম, আঃ গফুর গাজী, খান আফজাল হোসেন, হালিম বাগাতী, শফিকুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ইমরান হোসেন, রেজা খান,অলিয়াার রহমান, আবু সাইদ, গোলাম সরোয়ার, নজরুল হালদার, সাদেক, ওলিয়ার খান, টুটুল কুন্ডু, ইয়াসিন, সেলিম গাজী,  ইজাহারুল গাজী, ছাত্রনেতা আবরর হোসেন সৈকত, রিপন সরদার, আসলাম শেখ, রুবেল শেখ, মিঠু শেখ, আলভি আহমেদ, নাছিমুল হাসান, দিপ্ত মহালদার, মৃদুল বিশ্বাস, শরিফুল ইসলাম।

 

অর্গানিক বেতাগায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কৃষক মাঠ দিবস

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২১-২২অর্থ বছরে খরিদ-০১ মৌসুমে ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরির্বতন অভিযোজন প্রকল্প এর আওতায় লবন সহিষ্ণু নিরাপদ সবজি চাষের উপর কৃষক মাঠ দিবস অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে। কৃষক দেবাতুষ কুমার দাশ (ফটিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ নুসরত জাহান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল এর সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে সবজি চাষের উপর আরো বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান মন্ডল, বিপুল কুমার পাল ও কৃষক তরিকুল ইসলাম প্রমুখ। পরে ৬০জন কৃষক/কৃষানীকে রাজস্ব খাতের বাস্তবায়িত বি-ধান-৯৯ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কৃষক/কৃষানী জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

কাটাখালীতে রাস্তার ট্রাক খালে: চালক হেলফার সামান্য আহত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া ভায়া কাটাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দু’পার্শ্বে কোন সাইড সোল্ডার না থাকায় সড়কের ট্রাক এখন রাস্তা ছেড়ে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। রবিবার বিকালে কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের দ্বীতিয় গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন। জানা গেছে, গোপালগঞ্জ হতে খুলনাগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-১২৯৬) খুলনা অভিমুখে আসার সময় শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের দ্বীতিয় গেটের সামনে আসলে অপর একটি ট্রাককে সাইড দিতে গেলে সাইড সোল্ডার না থাকায় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা ছেড়ে দক্ষিন পার্শ্বের (ক্যানেল) খালে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধনের পর খুলনা ঢাকা ও মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড় হতে কাটাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহনের প্রচান্ড চাপ বেড়ে গেছে। কিন্তু এই আধা কিলোমিটার সড়কের দুই পার্শ্বে কোন সাইড সোল্ডার না থাকায় জীবনের ঝুকি নিয়ে পথচারী ও যানবাহন চালকদের চলাচল করতে হচ্ছে। অতিদ্রুত এই আধা কিলোমিটার সড়কের দুইপার্শ্বে সাইড সোল্ডার নির্মান জরুরী হয়ে পড়েছে (পিকেএ)।

 

 

রামপালে প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের রোমজাইপুর গ্রামের সৈয়দ আলতাফ হোসেনের বিরুদ্ধে সাংবাদিক, শিক্ষক ও অন্য একজনের জমি দখেেলর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনসহ আদালতে মামলা করেছেন। আদালতে মামলা করায় মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগীগণ। জানা গেছে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের মৃত আ. সামাদের পুত্র ও দৈনিক জন্মভূমির প্রতিনিধি মো.বাকিবিল্লাহ, জুয়েল, হিমেল, শেখ মোয়াজ্জেম, শেখ সাদি, মাষ্টার আ. হামিদ, আবুল কালামের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি একই এলাকার সৈয়দ আলতাফ হোসেন ( আলতাফ মোল্লা ) ভূয়া কাগজ মূলে দখলে চেষ্টা করে আসছেন। কুমারখালী মৌজা এসএ ২৬৫ খতিয়ানের ৯০৯ দাগে ০.১৯৬০ একর ও ৩৪৭ নং খতিয়ানে ৭৭৭ দাগের ০.৬১৫০ একর জমি দখলের চেষ্টা করে আসছেন। এ ছাড়ও ৯০৮ দাগের সাড়ে ০.৪১ শতক জমির দাবী করে আ. হামিদ শেখ দিং বাগেরহাটের দেওয়ানী আদালতে নিষেধাজ্ঞার মামলা করেছেন। যার নং ১৫৯/২০২১। ভুক্তভোগী হিমেল ও জুয়েলর পক্ষে অভিযোগ করেন মো. মোয়াজ্জেম হোসেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, জুয়েল ও হিমেল জমি পাবে। তাদের জমিও আলতাফ হোসেন দখলে রেখেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেন অসুস্থ হওয়ায় তার পুত্র সৈয়দ পরাগের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের ঘেরের ভেতর অল্প কিছু জমি আছে। নালিশী জমি আব্দুল আলীর জমির মধ্যে রয়েছে। পেড়িখালী ইউপি চেয়ারম্যান সাহেব আপোষ করে দিয়েছেন।

 

রাজনীতি আমাদের একটাই এলাকার উন্নয়ন আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা আপোষহীন :আনোয়ার হোসেন মঞ্জু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ২নং পত্তাশী ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি- জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু । তিনি বলেন রাজনীতি আমাদের একটাই এলাকার উন্নয়ন আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা আপোষহীন। বিশ^ এখন বিপর্যয়ের মুখে। আমরাও তার বাহিরে নই। দেশকে গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্বভাবে থাকতে হবে। পদ্মা সেতু হওয়ায় আমাদের এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি ও কর্মসংস্থান বেড়ে যাবে। ভান্ডারিয়া, ইন্দুরকানী ও কাউখালী এলাকায় সরকারের প্রতিনিধি হিসেবে ৩৬ বছর যাবৎ কাজ করছি। তার মধ্যে ১৯ বছর বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকায় উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্ঠা করেছি। আমার নির্বাচনী এলাকায় কোন হামলা-মামলা নেই। আপনারা শান্তিতে বসবাস করতেছেন এটাই আমার প্রাপ্য। অনুষ্ঠানে জাতীয় পার্টি-জেপি’র ইন্দুরকানী উপজেলা আহবায়ক ও পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হ্ওালাদার এর সভাপতিত্বে ও মনিরুজ্জামান রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, জেপি নেতা ইউসুব আলী আকন,ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, ইন্দুরকানী উপজেলা জেপি’র সদস্য সচিব ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদ করিম তালুকদার ইমন, জেপি পত্তাশী ইউনিয়ন সভাপতি মোঃ এনামুল কবির প্রমুখ।

 

 

 

খুলনায় বর্জ্য থেকে তরল জ¦ালানী উৎপাদন প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তথ্য বিবরণী

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘থ্রি-আর পাইলট উদ্যোগ বাস্তবায়ন (ফেজ-১)’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনায় কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ¦ালানী উৎপাদন প্ল্যান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রবিবার দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নগর কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন কাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে  কেসিসি অত্যন্ত আন্তরিক। নগরীতে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এখনও গড়ে তোলা সম্ভব হয়নি, তবে আমাদের চেষ্টার কমতি নেই। নগরবাসীর মাঝে সচেতনতার অভাব রয়েছে। ময়লা-আবর্জনা কোথায় ফেলতে হবে সে বিষয়ে তারা চিন্তা করেন না। অনেকেই বাড়ির ময়লার লাইন ড্রেনে সংযোগ করে দিয়েছে। নগরবাসীকে সব বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আবর্জনা শুধু পরিষ্কার করলেই চলবে না, বর্জ্যকে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। বর্জ্যহ্রাস, পুন:ব্যবহার, পুন:চক্রায়নের মাধ্যমে এ বিষয়ক কর্মকান্ডকে আধুনিক ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তাবায়নে কেসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।

 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন  কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং ওয়েস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক এর ম্যানেজিং পার্টনার মাকসুদ সিনহা। স্বাগত জানান প্রকল্প পরিচালক ইকবাল মোঃ শামীম।

 

উল্লেখ্য, দুই একর জায়গার ওপর ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকে প্রতিদিন ২০ টন কম্পোস্ট এবং প্লাস্টিক বর্জ্য থেকে প্রতিদিন ০.৫ টন তেল উৎপাদন হবে। এছাড়া এই প্লান্টের মাধ্যমে দূষিত পানি পরিশোধন করে সার উৎপাদনে ব্যবহার করা হবে। আগামী ৬ জানুয়ারি ২০২৩ সালে প্রকল্পটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

 

এই প্রকল্পের মূল্য উদ্দেশ্য বাংলাদেশের বর্জ্য হ্রাস, পুন:ব্যবহার ও পুন:চক্রায়ণ এর উদ্যোগকে এগিয়ে নেয়া, সরকারি এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, পুন: প্রক্রিয়াকরণ ও ভূমিভরাট এলাকায় বর্জ্যরে পরিমাণ হ্রাস করা।

এর আগে মেয়র নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাট উদ্বোধন করেন।

 

 

মহেশপুরে পুলিশের হাতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৮০  পিচ ইয়াবাসহ ব্যবসায়ী ফরিদুজ্জামান মিঠুকে (৩৫) আটক করেছে। আটক ফরিদুজ্জামান মিঠু যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের মুরাদ আলীর ছেলে।

থানার ডিউটি অফিসার এ এস আই রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আসাদুজ্জামান,এ এস আই সজল কুমার ও এ এস আই রওশন আলী অভিযান চালিয়ে মহেশপুর হাকিমপুর সড়ক থেকে শনিবার রাতে ৮০ পিচ ইয়াবা টেবলেটসহ ব্যবসায়ী ফরিদুজ্জামান মিঠুকে আটক করে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, ইয়াবাসহ আটক ব্যবসায়ীকে গতকাল রোববার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

চিংড়ি ঘেরে গ্যাসেরই অস্তিত্ব মিলেছে: দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে গ্রাম পুলিশ মোতায়েন

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা দেলোয়ার শেখের (৩৫) চিংড়ি ঘেরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। শনিবার রাতে গ্যাস উদগিরণস্থল পরিদর্শন করে এসে সেখানে প্রাকৃতিক গ্যাসের এ অস্তিত্বের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে এখানে গ্যাসের অস্তিত্ব রয়েছে। কারণ পৌনে তিন বিঘার এ চিংড়ি ঘেরের ৬/৭ জায়গা থেকে কম বেশি করে গ্যাস বুদবুদ করে বের হচ্ছে। আর সেখান থেকে সংযোগ নিয়ে দেলোয়ারের পরিবার রান্নাও করছেন। শনিবার রাতে সেই গ্যাস দিয়েও তারা ডিম সিদ্ধ করেছেন যেটা আমি নিজেই দেখেছি। তবে এ গ্যাসের ব্যবহার আর না বাড়ানোর জন্য ঘের মালিক  দেলোয়ারকে নিষেধ করা হয়েছে। কারণ নতুন সংযোগ বাড়ানো হলে তাতে দুর্ঘটনার ভয় রয়েছে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সেখান থেকে দেলোয়ারসহ অন্য কেউও যাতে গ্যাসের ব্যবহার না করতে পারে সেজন্য গ্রাম পুলিশ মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে। গ্রাম পুলিশের পাশাপাশি মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের মেম্বরকে গ্যাস উদগিরণস্থল নজরদারী করতে বলা হয়েছে। এছাড়া সেখানে উৎসুক জনতার ঢল বন্ধেও তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘেরটিতে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হওয়ার বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে রিপোর্ট আকারে জানানো হয়েছে। তিনি বাপেক্সসহ সরকারের উর্ধতন মহলকে অবহিত করবেন। উর্ধতন কর্তৃপক্ষই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এদিকে চিংড়ি ঘেরে গ্যাসের অস্তিত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন দুরদুরান্তের লোকজন তা দেখার জন্য সেখানে বিড় জমাচ্ছেন। এনিয়ে স্থানীয়দের মাঝে যেমনি উচ্ছ্বাস ও কৌতুহল রয়েছে তেমনি রয়েছে ভীতি এবং উৎকন্ঠাও। কারণ যদি গ্যাস হয়েই থাকে তাহলে যখন তখন দুর্ঘটনাও ঘটতে পারে। আবার বিশাল জায়গা নিয়ে গ্যাসের অস্তিত্ব মিললে তাদের জায়গা-জমি ও বাড়ীঘর ছেড়ে চলেও যেতে হতে পারে।

এ নিয়ে উৎকন্ঠায় থাকা মিঠাখালীর পূর্বপাড়ার বাসিন্দারা বলছেন, গ্যাস থাকলেও তো আর দেলোয়ারের শুধু পৌনে তিন বিঘার ঘেরেই নয়, আশপাশের অনেক জায়গা জমি নিয়েই রয়েছে। তাতে তো ভয় কাজ করবেই। তাই আমরাও চাই এ বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে যাই করার তাই করুক। সরকার আমাদের বাচিয়ে রেখেই যেন যা করার তাই করেন। আমরা যেন আমাদের প্রাপ্যটা পাই। কারণ গ্যাস পাওয়া গেলে তো আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। সরকার লাভবান হবেন, আমরাও যেন ভালভাবে বেচে থাকতে পারি তারও ব্যবস্থা করবেন সরকার সেই দাবী আমাদের।

মিঠাখালীর পুর্বপাড়া এলাকার বাসিন্দা ও ঘের মালিক দেলোয়ার শেখ বলেন, ৬ বছর আগে তার পৌনে তিন বিঘার চিংড়ি ঘেরের জমি থেকে বালু-মাটি উত্তোলনের জন্য একটি মিনি ড্রেজারের পাইপ বসাতে গেলেই সেখান থেকে এ গ্যাস উঠতে শুরু হয়। তখন তার বাবা বিষয়টি কেউকে না জানানোর জন্য পরিবারকে বলে তা গোপন রাখেন। এরপর দুই বছর আগে তার বাবা মারা যান। সেই থেকে গ্যাস উঠতে থাকলেও মুলত গত সপ্তাহখানেক ধরে ঘেরের বিভিন্ন জায়গা থেকে আরো বেশি পরিমাণে গ্যাস উঠতে শুরু হয়। গ্যাসের চাপ দেখে তা ব্যবহারের জন্য গত সোমবার সেখান থেকে পাইপ লাইন টানেন দেলোয়ার। আর বৃহস্পতিবার থেকে তা দিয়ে রীতিমত রান্নাবান্নার কাজ করছেন তার পুরো পরিবার।

এ গ্যাসের অস্তিত্বের বিষয়ে তেল, গ্যাস, খনিজসম্পদ, বিদ্যৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির মোংলার আহবায়ক মোঃ নুর আলম শেখ বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন জায়গায় গ্যাসসহ নানাবিধ খনিজ সম্পদের অস্তিত্ব রয়েছে। কিন্তু বাপেক্সের উদাসিনতার কারণে তা সনান্ত, উত্তোলন ও ব্যবহার সম্ভব হচ্ছেনা। মিঠাখালীর দেলোয়ারের ঘেরে যে গ্যাসের অস্তিত্ব মিলেছে তাও অনেক আগে। আগে থেকেই বিষয়টি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের জানানো হলেও তারা তাতে নজর দেয়নি। সরকারের কিংবা বাপেক্সের উচিৎ হবে ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

 

মহেশপুরে সার-বীজ বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে খরিপ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের মাঝে সার-বীজ বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।

 

 

 

খুলনায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

আগামীর সম্ভাবনার দেশ প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি ১৯ পেরিয়ে ২০ বছরে পর্দাপন করেছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে নয়টা খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্টান অনুষ্টিত হয়। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক । বন্যার দুর্গত সহয়তার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্টান সহ  বিভিন্ন ব্যায় সাশ্রয়ী করে সেই অর্থ বন্যা দুর্গত এলাকায় পাঠানো সিদ্ধান্ত নেয়া হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক  তিনি বন্যা   দুর্গত এলাকায় এনটিভির ত্রান তৎপরতার প্রশাংসা করেন। তিনি এনটিভির বস্তু নিষ্ট সাংবাদিকতার প্রশাংসা করে বলেন, এনটিভি দেশের উন্নয়নের কথা বলে, মুক্তিযদ্ধের কথা বলে  বলেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে । তিনি আগামীতে এনটিভির উত্তরুত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি সাংবাদিকতা বিষয় সর্তকতা অবলম্বনেরও পরামর্শ দেন। এই সময় আরো বক্তব্য রাখেন খুলনা মেট্রেপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক কাউন্সিলার মিসেস অধ্যাপিকা রুনু বিথার, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা, মহানগর  বিএনপি আহবায়ক এড শফিকুল ইসলাম মনা, খুলনা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা। উপস্থিত ছিলেন কৃষক লীগ সভাপতি শ্যামল সিংহ রায়,বিএনপির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, ইসলামী আন্দোলনের শেখ নাসির উদ্দিন  প্রমুখ। বিভিন্ন সংগঠনের পক্ষ হতে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার এসোসিয়েশন সহ সভাপতি হুমায়ুন কবির,  তথ্য অধিদপ্তর খুলনার  উপ প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, টিভি রিপোর্টাস ইউনিট সভাপতি মাল্লিক শুধাংশু, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম,   খুলনা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি  মুন্সী মাহাবুব আলম সোহাগ , সিনিয়র সাংবাদিক কাজী মোহাতার রহমান বাবু ,দৈনিক কালের কণ্ঠ ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, প্রধম আলোর শেখ আল এহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ন মহাসচিব শেখ হেদায়েদ হোসেন, ইন্ডিপেন্টড টিভি শামীমুজ্জামান, ডিবিষি নিউজ আমিরুল ইসলাম, বৈশাখি টিভির হেদায়েত উল্লা, তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ইসাহাক সোহেল, খুলনা টিভি ক্যামের জার্নালিষ্ট  এসোসিয়েশন নেতৃবৃন্দ , এনটিভি দর্শক ফোরাম আহবায়ক হুমায়ুন কবীর বাবুল,,সদস্য সচিব তরিকুল ইসলাম তরিক, সহ বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।

 

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালক শেখ সোহেল মোবাইল ফোনে এনটিভির খুলনা বিভাগ প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে অভিনন্দন জানান এবং এনটিভির অগ্রযাত্রা কামনা করেন। শনিবার রাতে জরুরী কাজে ঢাকা চলে যাওয়াই আজ রবিবার উপস্থিত থাকতে পারেননি। তিনি এনটিভির পরিবারকে শুভেচ্ছা জানান।