বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ২ ডাকাত সদস্যকে আটক ও ডাকাতিতে ব্যবহৃত গাছ কাটা করাত ও ধারালো হাসুয়া দা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো জেলার বিভিন্ন জেলায় ৪ ডাকাতি মামলার আসামী শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৪৫) ও একই উপজেলার সাতগাছী গ্রামের আলম হোসেন (৪৫)। তাদেরকে আটকের পর রোববার দুপুরে কালীগঞ্জ থানাতে এক প্রেস ব্রিফিং করেন ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২১ জুন ভোর রাতে কালীগঞ্জে যশোর -ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর নামক স্থানে মহাসড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সে সময়ে ট্রাক চালক সিরাজুল ইসলাম (৪৪) কে কুপিয়ে জখমের পর ৪০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় ওই ট্রাকের মালিক তরুন সাহা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়ে উঠে।
ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গত ১ জুলাই এক পুলিশী অভিযানে কুখ্যাত ডাকাত শৈলকুপার হাজামপাড়ার গ্রামের বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একই উপজেলার সাতগাছী গ্রামের আলম হোসেন আটক হয়। পরে তারা আদালতে ওই ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। পুলিশ জানায়, আটক ওই ২ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতির মামলা রয়েছে।
উল্লেখ্য, আটককৃতরা ২০১৮ সালে কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়াতে ইসলামী বিশ^বিদ্যালয়ের ভিসির গাড়ীতে ডাকাতিতে নিজেদের সংশ্লিষ্টার কথাও স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।










































