যশোর অফিস।।
এক টন চিংড়ি জব্দ করে তা ধ্বংস করেছে র্যাব -৬ যশোর ক্যাম্পের সদস্যরা। অপদ্রব্য পুশ করা ট্রাকভর্তি চিংড়ি মাছ শনিবার গভীর রাতে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নাজিউর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি মাছ বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর শনিবার রাতে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাক আটক করে পরীক্ষা করা হয়। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে চিংড়ি মাছের মালিক যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, যশোর জেলা মৎস্য অফিসার সাইদুর রেজা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত চিংড়ি মাছ উপস্থিত জনগণের সম্মুখে ধ্বংস করা হয় বলে লে. কমান্ডার নাজিউর রহমান জানান।










































