যশোর অফিস।।
যশোরের বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বেনাপোল আইসিপি টার্মিনালে চট্টগ্রাম থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে বারগুলো উদ্ধার করা হয়েছে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণের বার বহনকারী যাত্রী পালিয়ে গেছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিজিবি টহলদল বেনাপোল আইসিপি টার্মিনালের পাশে অবস্থান নেয়। পরবর্তীতে চট্টগ্রাম হতে বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি শ্লিপিং বাস বেনাপোল আইসিপি বাস টার্মিনাল আসলে বাসটি তল্লাশি করা হয়। এ সময় বাসের সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে ওই সিটের যাত্রী বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬শ টাকা।











































