বিশ্বকাপ নিয়ে আইসিসির আশার বাণী
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের থাবায় স্তব্ধ সারাবিশ্ব। থেমে গেছে ক্রীড়াজগতও। বন্ধ বেশির ভাগ ইভেন্ট। এক বছর করে পিছিয়ে গেছে ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিক। এই অবস্থায় অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও আইসিসি-র নির্বাহী কমিটির মিটিং শেষে নির্ধারিত সূচি মেনেই বিশ্বকাপ আয়োজন করার জন্য আশার বাণী শোনালো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না আইসিসি। যদিও অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, করোনার কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার কনফারেন্স কলে অনুষ্ঠিত হলো আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠক। বৈঠকে আইসিসি-র ১২টি পূর্ণ সদস্য দেশ এবং তিনটি সহযোগী সদস্য দেশের সিইও রা সবাই কোভিড-১৯ এর বিরুদ্ধে একযোগে লড়াই করার ব্যাপারে সম্মত হন। বৈঠকের সিংহভাগ জুড়েই ছিলো বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। বৈঠকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ সালের আইসিসি নারী বিশ্বকাপ সূচি মেনেই হবে সিদ্ধান্ত হয়। এফটিপি ও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সূচি নিয়ে অবশ্য পরে বৈঠক হবে।
এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বসার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মরণঘাতি করোনাভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সঙ্গতকারণেই আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও। এখন পর্যন্ত সূচি মেনেই এগুতে চায় তারা। সবদিক বিবেচনা করে আগস্ট মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।
মে মাস থেকেই জার্মানিতে শুরু হচ্ছে ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ফুটবল লিগ অবশেষে শুরু করতে যাচ্ছেন জার্মান ফুটবল ফেডারেশন। দেশটির জনপ্রিয় ফুটবল লিগ বুন্দেসলিগা আগামী মাসেই শুরু করার ব্যাপারে পরিকল্পনা করছে তারা। তবে, ফুটবল মাঠে গড়ালেও এখনই সমর্থকদের মাঠে আসার অনুমতি দেয়া হবে না। অর্থ্যাৎ দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফুটবল লিগ।
ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে জার্মানিতে আক্রান্ত প্রচুর। কিন্তু মৃত্যুর সংখ্যা খুবই কম। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ২২ জন। মৃত্যুবরণ করেছে ৫৩৩৪জন। নতুন আক্রান্ত ৩৭৪জন।
দু’দিন আগেই জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছিলেন, তাদের দেশে করোনাভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম তারা এখন শুরু করার অপোয়। দেশটিতে গণহারে টেস্ট করার কারণেই এ ধরণের মন্তব্য করতে পারলেন মেরকেল। রাষ্ট্রের মূল ব্যক্তির কথায় যখন আশ্বস্ত হওয়া গেছে, তখন ফুটবল ফেডারেশনও চিন্তা শুরু করছে তাদের ফুটবল লিগ পূনরায় শুরু করার। বুন্দেসলিগা শুরু হলে তা হবে ইউরোপিয়ান বড়বড় ৫টি লিগের যে কোনো একটির শুরু হওয়া। তাতে করে ইউরোপ তথা সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন এবং নতুন স্বপ্নে বুক বাধতে শুরু করতে পারবে। যদিও দেশটিতে এখনও কিছু চিকিৎসা বিজ্ঞানি করোনা পুরোপুরি নির্মুল না হওয়া পর্যন্ত অপো করার পপাতি। তারা সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে, সবকিছু স্বাভাবিকভাবে শুরু করলে করোনা আবারও মানাত্মক আঘাত হানতে পারে। একই মত জার্মান ফুটবলের কিছুসংখ্যক সমর্থকেরও।
করোনাভাইরাস জীবনের আসল খেলা : মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনাভাইরাস ভয়ানক আকার ধারণ করেছে। পৃথিবীতে ইতিমধ্যে সাড়ে ২৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৮৫ হাজারের বেশি।
বাংলাদেশেও করোনাভাইরাস বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যে ৪১৮৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ১২৭ জন। পুরো পৃথিবীকে লন্ডভন্ড করে দেওয়া এই করোনা এখন জীবনের আসল খেলা বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেন, মেসি, রোনালদো, বেল, কোহলি, রুট, উইলিয়ামসন, ফেদেরার, নাদাল, জোকোভিচ এরা শুধুমাত্রই খেলার (চরিত্র) ভাই। কোভিড-১৯ (করোনাভাইরাস) এখন জীবনের আসল খেলা।’
মুমিনুলের সঙ্গে একমত নন ডোমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
টেস্ট অধিনায়ক মুমিনুল হক বললেন একরকম। হেড কোচ রাসেল ডোমিঙ্গো যেন তার ঠিক উল্টোটি। কোচ-অধিনায়কের মতে মিল পাওয়া গেল না একদম।
করোনার কারণে অস্ট্রেলিয়ার বিপে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ স্থগিত হয়ে গেছে। এমন খবরে যতটা না হতাশ হওয়ার কথা, তার চেয়ে বেশি খুশি মুমিনুল হক।
কিছুদিন আগে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক জানান, অস্ট্রেলিয়ার বিপে সিরিজটি স্থগিত হওয়ায় ভালোই হয়েছে। কেননা এখন এই সিরিজটি খেললে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হতো। আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ ফুরোবে, সিরিজটি পরে হলে তাকে একাদশে পাওয়া যাবে। মুমিনুল পরিষ্কার করেই জানালেন, তিনি হতাশ নন।
তবে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মত একদম উল্টো। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপে এত বড় একটা সিরিজ খেলতে পারছি না বলে আমি খুব হতাশ, যুক্তরাজ্যে আয়ারল্যান্ডের বিপে সফরটি স্থগিত হওয়াতেও। এটা আমাদের জন্য বড় ধাক্কা। যত বেশি টেস্ট খেলতে পারব, আমাদের জন্য ততই ভালো। তাই অবশ্যই আমি খুব হতাশ। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজটি না হওয়ায়।’
নিলামে মুন্না ও আলফাজের জার্সি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায়, বিপদে পড়া খেটেখাওয়া দিনমজুরদের যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন। এই তো বুধবার রাতে সাকিব আল হাসান ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন তার বিশ্বকাপের ব্যাট। সে ধারাবাহিকতায় নিলামে উঠতে যাচ্ছে দেশের ফুটবলের অন্যতম দুই সেরা তারকা মোনেম মুন্না ও আলফাজ আহমেদের দুটি জার্সি।
১৯৯৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল মিয়ানমারে। চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল অধিনায়ক মোনেম মুন্নার নেতৃত্বে। ওই ম্যাচের জার্সিটি বিক্রি করে করোনাভাইরাসে অসহায় মানুষের সহায়তার জন্য প্রদান করতে চান প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম। আলফাজ আহমেদও একই কথা বলেছেন। ‘আমরা ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে স্বর্ণ জিতেছিলাম। ফাইনালে আমার গোলে ধরা দিয়েছিল সোনার হরিণ। সেই ১০ নম্বর জার্সি আমি নিলামে ওঠাতে চাই মানুষের সহযোগিতার জন্য।’
নিলামে উঠছে মাশরাফির স্বারক
ক্রীড়া প্রতিবেদক
নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে এসেছে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থকের জন্য মাশরাফির সঙ্গে দেখা করাটাও যে অনেক বড় পাওয়া।
ধরুন, সুযোগ এসেছে মাশরাফির ব্যবহৃত জার্সি পাবার কিংবা তার ব্যবহৃত বুট (কেডস) বা পছন্দের জিনিস। লুপে নেয়া ছাড়া উপায় আছে? তেমনটাই হতে যাচ্ছে। সমর্থকদের জন্য এই সুযোগটা করে দিচ্ছে ‘অকশন ফর অ্যাকশন’। এই স্বারক থেকে পাওয়া অর্থ ব্যয় হবে করোনা আক্রান্ত ও এই সময়ে দুস্থ মানুষদের সহায়তায়। তবে কবে নাগাদ মাশরাফির জার্সি ও বুট নিলামে উঠানো হবে এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি এখনও।
ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ
ক্রীড়া প্রতিবেদক
করোনায় থমকে গেছে ক্রীড়াঙ্গন। অলিম্পিক পিছিয়েছে, বিশ্বকাপ বাছাই স্থগিত। হচ্ছে না ইউরোপিয়ান ফুটবল। এমনকি আইপিএল হবে কিনা তাও বলা মুশকিল। তার মধ্যে আরেক দুঃসংবাদ দিলেন সৌরভ গাঙ্গুলি।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল তো বটেই, পরিস্থিতি স্বাভাবিক না হলে ভারতে কোনো পর্যায়ের ক্রিকেটই মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে সৌরভ। নিজের এমন চিন্তার কথা আগেও জানিয়েছেন সৌরভ। এবার আরেকবার বললেন। করোনা পরিস্থিতির মাঝেই জার্মানিতে ফুটবল লিগ বুন্দেসলিগা শুরুর পরিকল্পনা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, বিসিসিআই আইপিএল শুরুর কোনো চিন্তা করছে কিনা? সৌরভ জানিয়ে দিয়েছেন, জার্মানি আর ভারতের সামাজিক অবস্থা এক নয়। তাই জার্মানিতে ফুটবল ফিরলেও ভারতে ক্রিকেট ফেরার রাস্তা সহজ হবে না।
সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে ভারতে ক্রিকেট ম্যাচ আয়োজনের সুযোগ দেখছেন না তিনি। জীবনের ঝুঁকি থাকলে ক্রিকেট খেলা শুরু করার মধ্যে কোনো যৌক্তিকতা দেখছেন না বিসিসিআই প্রেসিডেন্ট।
স্থগিত পাকিস্তানের নেদারল্যান্ডস সফর
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর কারণে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস সরকার। ফলে একপ্রকার বাধ্য হয়েই আপাতত বাতিল করতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর।
ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সফরে যাওয়ার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস যাওয়ার কথা ছিল পাকিস্তানের। আমস্টালভিনে আগামী ৪, ৭ ও ৯ জুলাই হওয়ার কথা ছিল ম্যাচ তিনটি। কিন্তু এখন এই সিরিজটি কবে হবে জানে না কেউ। এছাড়া আগামী ১৫ জুন একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিউজিল্যান্ডে স্বাগত জানানোর কথা ছিল ডাচদের। এর বাইরে নামিবিয়া, ওমান এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি চারদেশীয় টুর্নামেন্টেরও পরিকল্পনা ছিল। করোনার কারণে এখন সবগুলোই অনিশ্চিত হয়ে গেছে।
নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপও পিছিয়ে গেল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত সারাবিশ্বের সমস্ত খেলাধুলা। এক বছর পিছিয়ে দেয়া হয়েছে অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও দোদুল্যমনতায় রয়েছে আইসিসি। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
এবার করোনাভাইরাসের জেরে এক বছর পিছিয়ে দেয়া হলো নারী উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালের জুলাইতে ইংল্যান্ডে। কিন্তু করোনার কারণে একবছর পিছিয়ে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ২০২২ সালের জুলাইতে ইংল্যান্ডেই। শুরু হবে ২০২২ সালের ৬ জুলাই। শেষ হবে, তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সৌভাগ্য যে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে, কাতারে।
ম্যাচ ফি পাচ্ছেন না রাসেল-পোলার্ডরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুধু জনজীবন বিপর্যস্ত হয়নি, অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। পুরো বিশ্বই বর্তমান পরিস্থিতির শিকার। ধাক্কা লেগেছে ক্রীড়াঙ্গনেও।
করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও পড়েছেন চরম বিপাকে। তাঁদেরকেও মুখোমুখি হতে হচ্ছে চ্যালেঞ্জের। আর্থিক সংকটে গত জানুয়ারি থেকে খেলোয়াড়দের ম্যাচ ফি দিতে পারছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডরা জানুয়ারি থেকে ম্যাচ ফি পাচ্ছেন না। জানুয়ারিতে তাঁরা ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছিল। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছিল। ম্যাচগুলোর ম্যাচ ফি এখনও বকেয়া। শুধু পুরুষরাই নন, নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বকেয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফি পাননি খেলোয়াড়রা। সবচেয়ে বেশি তির শিকার ঘরোয়া ক্রিকেটাররা। বিশাল অঙ্কের ম্যাচ ফি তাদের বকেয়া। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপ, চারদিনের অঞ্চলভিত্তিক টুর্নামেন্ট, হেডলি-উইকস ট্রফিতে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি পাননি।
সিপিএলে স্যামির দলে গেইল
ক্রীড়া প্রতিবেদক
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নতুন দলে খেলবেন ক্রিস গেইল। তাকে রিটেইন করেনি জ্যামাইকা তালাওয়াস। সেই সুযোগটি নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। গত ফেব্রুয়ারিতে সেন্ট লুসিয়া জুকস দলটি কিনে নেয় আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল ও জমজমাট টুর্নামেন্ট আইপিএলেও গেইল খেলছেন পাঞ্জাবের হয়ে। এখন দুই টুর্নামেন্টে গেইল খেলবেন একই মালিকের হয়ে।
সিপিএলের প্রথম চার আসর জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন গেইল। পরের দুই আসর খেলেন সেন্ট কিটসের হয়ে। সপ্তম আসরে তাকে আবারও দলে নেয় তালাওয়াস। পুরোনো জার্সিতে ফিরে দ্বিতীয় ম্যাচেই গেইল ১১৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে হাসেনি তাঁর ব্যাট। পুরো মৌসুমে ২৪৩ রানের বেশি করতে পারেননি গেইল। তাঁর বাজে পারফরম্যান্সে ভুগেছে দলও। সবশেষ সিপিএলে জ্যামাইকা ছিল বটম অব দ্য টেবিলে।
৩২ হাজার পরিবারের পাশে ব্রাজিলের ফুটবল দল
ক্রীড়া প্রতিবেদক
ব্যক্তিগত উদ্যোগে করোনা মোকাবিলায় অর্থ সাহায্য দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। এবার করোনা যুদ্ধে শামিল হয়েছেন নেইমারসহ ব্রাজিলের ফুটবলার ও ফুটবল ফেডারেশন সিবিএফ। তাদের উদ্দেশ্য হচ্ছে, যারা এই মুহূর্তে আর্থিক সঙ্কটে ভুগছেন তাদের সহায়তা করা।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্রাজিলের ৫৭জন ফুটবলার ও স্টাফরা মিলিতভাবে এই মহৎ উদ্যোগে সিবিএফের সঙ্গী হয়েছেন। তাদের সঙ্গে আছেন সাবেক বার্সেলোনা রাইট ব্যাক দানি আলভেসও। অনুদান হিসেবে দেওয়া অর্থের পরিমাণ হচ্ছে ৪ লাখ ৬৩ হাজার ৭৮৭ ডলার। করোনার কারণে এখন অনেক মানুষই বিপদে আছেন। লকডাউনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিবিএফের এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন, ‘এমন কঠিন সময়ে অনেক পরিবারের সাহায্যের প্রয়োজন, তাই আমাদের সাহায্য তাদের প্রয়োজন।’
সেন্ট লুসিয়ায় যোগ দিয়েছেন গেইল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠে এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যদি মাঠে গড়ায়। তাহলে টি-টোয়েন্টি গ্রেট ক্রিস গেইলকে দেখা যাবে অন্য কোনো দলে। কেননা সেন্ট লুসিয়া জুকসে যোগ দিয়েছেন মারকুটে এই ওপেনিং ব্যাটসম্যান।
হোম ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াহস গেইলকে ছেড়ে দিয়েছে। তাই ইউনিভার্স বস দেরি না করে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে নতুন ঠিকানা গড়ে ফেলেছেন। গেইলকে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত জুকস ক্যাপ্টেন ড্যারেন স্যামি, ‘সেন্ট লুসিয়া জুকসের জন্য দারুণ একটি খবর। অধিনায়ক হিসেবে আমার জন্যও। কারণ ইউনিভার্স বস এখন আমাদের দলে। ক্রিস বিশ্বের সবচেয়ে সফল টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের অন্যতম।’
করোনা মোকাবেলায় এগিয়ে এলেন বেল-ইম্মা দম্পতি
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আর্থিক সহায়তায় এগিয়ে এলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গ্যারেথ বেল ও তার স্ত্রী ইম্মা। ওয়েলস ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ লাখ পাউন্ড দান করেছেন বেল দম্পতি। নিজ জন্মভূমি ওয়েলসের রাজধানী কার্ডিফের এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন বেল।
ওয়েলস ইউনিভার্সিটি হাসপাতালে এই টুইট বার্তায়, বেল ও তার স্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন। এদিকে, স্পেনের সংবাদমাধ্যম বলছে- স্পেনের মাদ্রিদ শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও সমপরিমাণ অর্থ দান করবেন বলে জানিয়েছেন বেল। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৩৪ হাজার ১৪৯ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৪৫ জনের।
ক্রিকেট ফ্যানদের জন্য আইসিসির অভিনব প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ক্রিকেট মাঠে নেই কোনো হৈচৈ। স্থগিত হয়ে আছে সকল সিরিজ। দর্শক-সমর্থকরাও দীর্ঘদিন যাবত ক্রিকেটের টাটকা স্বাদ থেকে বঞ্চিত। এমতাবস্থায় ফ্যানদের জন্যই অভিনব এক প্রতিযোগিতা এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে প্রত্যেক বিজয়ী পাবেন ৪০ হাজারেরও বেশি টাকা।
মূলত ডিজিটাল প্লাটফর্মে সৃজনশীলতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে আইসিসি। সৃজনশীল শিল্পীরা এই প্রতিযোগিতায় নিজের তৈরি চিত্রকর্ম, অ্যানিমেশন, কার্টুন, গ্রাফিকস ডিজাইন বা যে কোনো ধরনের আঁকা ছবি পাঠিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই সবকিছুই ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে হতে হবে। আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে সকলের জন্যই চ্যালেঞ্জিং সময় চলছে। আইসিসি পারিপার্শ্বিকতা অনুযায়ী সবার কঠিন পরিস্থিতি অনুভব করছে। এই সময় আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফোটাতে ছোট্ট একটি চেষ্টা করছি। সকল মেধাবী, প্রতিভাবান ও আবেগী শিল্পীদের জন্য এটি এক বিশেষ সুযোগ’।











































