Home খেলাধুলা সনকে ক্লাব বদলাতে বললেন তার বাবা

সনকে ক্লাব বদলাতে বললেন তার বাবা

13

স্পোর্টস ডেস্ক।।

অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে পেয়েছেন গোল্ডেন বুট। কিন্তু দারুণ মৌসুম কাটিয়েও কোনো শিরোপার দেখা পায়নি তার দল টটেনহ্যাম। নিজের আরও উন্নতি করতে হলে ক্লাব বদলাতে বললেন সনের বাবা।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন দুইজন। টটেনহ্যামের হয়ে সনের পাশাপাশি লিভারপুলের সালাহও করেছেন ২৩ গোল। ফলে গোল্ডেন বুটও ভাগাভাগি করেছেন এই দুইজন। কিন্তু সালাহ থেকে এক জায়গায় এগিয়ে আছেন সন। সালাহ যে ২৩ গোল করেছেন তার মাঝে বেশ কিছু গোল ছিল পেনাল্টি থেকে।

 

এদিকে দলে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন থাকায়, সন পেনাল্টি থেকে কোনো গোল করার সুযোগ পান না। তবুও লিগে ২৩ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন সন। এখানেই সালাহ থেকে এগিয়ে সন। কিন্তু এমন পারফরমেন্স করেও সন তার বাবার মন জয় করতে পারেননি। সিজিটিভির সঙ্গে কথোপকথনে সনের বাবা সন উং-জুং বলেন, ‘ওকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও উন্নতি করতে হবে। কিন্তু যা অর্জন করেছে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যায়, তবে সামনে বিপদ আছে। ওকে অবশ্য বিশ্বের সেরা ক্লাবগুলোর একটিতে জায়গা করে নিতে হবে। তাহলেই শুধু ও বিশ্বমানের খেলোয়াড় হতে পারবে।’

সনের বাবা উং-জুং’এর মতে, সন এখন যা দেখাচ্ছে তা তার ৯০ শতাংশ। পূর্ণ শত ভাগ দিতে হলে আর নিজেকে প্রমাণ করতে হলে বিশ্বের সেরা ক্লাবগুলোর দিকে নজর দিতে হবে তাকে। আপাতত ২০২৫ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

 

জার্মান ক্লাব লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন সন। গত ৭ বছরে টটেনহামের হয়ে ১৩১টি গোল করেছেন, এর মধ্যে ৯৩টি গোল করেছেন লিগে। তবে এবারই প্রথম লিগে ২০টির বেশি গোল করছেন সন।